২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের ডালি সাবিনা-মনিকাদের

ইংলিশ এই কোচ থাকলে পদত্যাগের হুমকিও দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

কদিন ধরে চলা উত্তপ্ত পরিস্থিতির বিস্ফোরণ হলো। সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে পিটার জেমস বাটলারের বিরুদ্ধে অভিযোগের ঢালি মেলে ধরলেন সাবিনা-মনিকা-মারিয়ারা। সেখানে ইংলিশ কোচের বিরুদ্ধে ‘গালিগালাজ করা’, ‘বডি শেমিং’, ‘মানসিক নির্যাতন’-এর মতো গুরুতর অভিযোগও করেছেন তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে মেয়েরা অভিযোগের আঙুল তুলেছে বাফুফের বিরুদ্ধেও। পিটার কোচ থাকলে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

“নারী জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যু নিয়ে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ”- এই শিরোনামে তিন পাতার আনুষ্ঠানিক বিবৃতিতে পিটারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছে মেয়েরা।

দুইবারের উইমেন’স সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, রূপনা চাকমা, মাতসুশিমা সুমাইয়াসহ মোট ১৮ জনের সাক্ষরিত বিবৃতিতে মেয়েদের প্রতিকূল স্রোত পেরিয়ে উঠে আসার এবং দেশকে সাফল্য এনে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয় শুরুতেই। গত অক্টোবরের সাফে পিটার বাংলাদেশকে ‘ডোবাতে চেয়েছিলেন’ এমন অভিযোগও করা হয় প্রথম প্যারায়।

“একটা ক্রান্তিকালে আপনাদের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ জেনেছে কতটা প্রতিকূল পথ পাড়ি দিয়ে আমরা টানা দুইবার দেশের মানুষের জন্য সাফ শিরোপা এনে দিয়েছি। এই পর্যায়ে আসতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে, কত বাধা অতিক্রম করতে হয়েছে, এ সব কিছুই আপনাদের জানা। গত বছর অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে আরেকবার প্রমাণ দিয়েছি, আমরাই সেরা। সেই টুর্নামেন্ট চলাবস্থায় কোচ পিটার বাটলারের সঙ্গে দলের খেলোয়াড়দের দূরত্ব প্রকাশ্যে এসেছিল। ইচ্ছেমতো একাদশ গড়ে তিনি দলকে ডোবাতে চেয়েছিলেন ।”

এরপর সিনিয়রদের বাদ দিয়ে পাকিস্তান ম্যাচের একাদশ সাজানো, পরে সিনিয়রদের ফিরিয়ে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানো, সব প্রসঙ্গই তুলে ধরা হয় বিবৃতিতে। দেশের প্রয়োজনে সবটুকু নিংড়ে দিয়েও বাফুফের কাছ থেকে ‘প্রতিদান’ না পাওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে সেখানে।

“(সাফে) আমরা যদি ব্যর্থ হই, বাফুফে কর্তারা এবং দেশের মানুষের কাছে আমরা ভিলেন হয়ে যেতাম। ওই ম্যাচেই আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যেত। এটা বুঝেও আমরা ঝুঁকি নিয়েছিলাম দেশের হয়ে লড়াই করার জন্য। দেশের জন্য আমাদের এই লড়াই ও আবেগ, ভালোবাসার মূল্য ফুটবল ফেডারেশন থেকে আশা করেছিলাম। সেটা হয়নি। বরং সাফ থেকে ফেরার পর যা হলো, তার জন্য আমরা মোটেই প্ৰস্তুত ছিলাম না। এই বিতর্কিত ব্যক্তির সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্তে মেয়েদের দাবি-দাওয়াকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে।”

কোচের বিরুদ্ধেই খেলোয়াড়দের অভিযোগ বেশি। নেপালে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা সমাধানে পিটারের কোনো প্রচেষ্টা না থাকা, সাফ চলাকালে জার্সি নাম্বার বলতে দেরি করায় কৃষ্ণা রানী সরকারের দিকে তেড়ে যাওয়া, মাঠ ও মাঠের বাইরেও প্রতিনিয়ত দুর্ব্যবহার এবং হাসি-ঠাট্টা করা, দলে সিনিয়র-জুনিয়রের কথা বলে বিভাজন সৃষ্টি, মেয়েদের পোশাক-আশাক নিয়ে বিরূপ মন্তব্যসহ বডি শেমিংও গালিগালাজ করার অভিযোগও করেন মেয়েরা। 

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কোর্টে বল ঠেলে দিয়ে বিবৃতির শেষে দেওয়া হয়েছে একযোগে পদত্যাগের হুমকি। সমাধান না হলে পিটারের কোচিংয়ে কোনো অনুশীলন না করার বার্তাও দিয়েছেন সাবিনারা।

“আমরা আশা করছি, বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোন ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না। যেহেতু গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে কোনো চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সেরকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নিব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।”

মেয়েদের অভিযোগ নিয়ে পিটারের সাথে যোগাযোগ করা হলে, বেশি কিছু বলতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, ‘নো কমেন্টস’। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনের পরিকল্পনা নিয়ে এই ইংলিশ কোচ বলেছেন, “নতুন দল গড়ার মতো পর্যাপ্ত খেলোয়াড় আমাদের আছে।”