২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে ‘প্রস্তুত’ মেসি

চোটের কারণে টানা দুই ম্যাচে খেলতে না পারা ইন্টার মায়ামি অধিনায়ক ফিরতে পারেন এই ম্যাচ দিয়ে।

এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে ‘প্রস্তুত’ মেসি
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 12:48 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে প্রস্তুত আছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

লিগস কাপে গত ২ অগাস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। ডান পায়ের পেশির ওই চোটে দলের পরের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

তাকে ছাড়া মেক্সিকোর দল পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের শেষ আটে উঠলেও, মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।

গত বুধবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন ৩৮ বছর বয়সী মেসি। এমএলএসে বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ মাসচেরানো বলেন, এই ম্যাচের দলে থাকবেন তার সাবেক সতীর্থ।

“লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।”

চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। এবার এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।