২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মাত্র ১০ মাস বাকি, কিন্তু মেসি বলছেন, ‘দেখা যাক’

অনেক যদি-কিন্তু দিয়ে আগামী বিশ্বকাপে মাঠে নামার ইচ্ছার কথা জানালেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপের মাত্র ১০ মাস বাকি, কিন্তু মেসি বলছেন, ‘দেখা যাক’
লিওনেল মেসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

তিন বছর আগে কাতারে স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরার পর লিওনেল মেসি বলেছিলেন, ‘আরেকটি বিশ্বকাপ অনেক দূরের পথ।’ তবে একটু একটু করে পথটা ছোট হয়ে এসেছে। ১০ মাস পরেই মাঠে গড়াবে আগামী ফুটবল বিশ্বকাপ। তার পারফরম্যান্সেও ধার তেমন একটা কমেনি। তাকে ঘিরেই আরও একবার বিশ্বমঞ্চে বাজিমাত করার স্বপ্নে বিভোর হয়ে আছে পুরো আর্জেন্টিনা। আর সেই তিনিই কি-না আসছে বৈশ্বিক আসরে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত নন!

বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে লড়াইয়ের দুদিন আগেই মেসি পরিষ্কার জানিয়ে দেন, বাছাইয়ে দেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। ওই ঘোষণায় নিশ্চিত হয়ে যায়, এই মহাতারকার ক্যারিয়ার শেষের কাছাকাছি চলে এসেছে।

শুরু হয়ে যায় প্রিয় তারকাকে আবেগ-ভালোবাসায় বিদায় জানানোর আয়োজন। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ম্যাচ শুরুর অনেক আগেই গ্যালারি যেন হয়ে ওঠে মেসিময়। বল মাঠে গড়ানোর পর ভেসে আসতে থাকে ‘মেসি-মেসি’ চিৎকার।

বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে মেসির সতীর্থরাও দ্যূতিময় পারফরম্যান্সে এগিয়ে এলেন। আর ৩৮ বছর বয়সের মেসি আগের অনেকবারের মতো বল পায়ে ছড়ি ঘোরালেন, জোড়া গোল করলেন, অবদান রাখলেন সতীর্থের গোলে। ৩-০ ব্যবধানে জিতে হাজারো ভক্ত-সমর্থকের ভালোবাসার প্রতিদান দিলেন সাবেক বার্সেলোনা তারকা।

তবে ম্যাচ শেষে বিশ্বকাপের প্রশ্নে সবাইকে যেন হতভম্ব করে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। 

“বিশ্বকাপ নিয়ে পূর্বে যেমনটা বলেছি যে, আমার মনে হয় না আমি আরেকটি খেলব। কারণটা আমার বয়স, সবচেয়ে বাস্তবিক বিষয় হলো, মনে হয় না অতদিন পর্যন্ত আমি খেলতে পারব। তবে, ইতোমধ্যে আমরা (আরেক বিশ্বকাপের) কাছাকাছি চলে এসেছি, তাই আমি এটা খেলতে রোমাঞ্চিত ও প্রেরণা বোধ করছি। সবসময় আমি যেমন বলি, দিন ধরে এগিয়ে যাব আমি, দেখব কেমন বোধ করি।”

“ভালো অনুভব করার চেষ্টা করছি। সবকিছুর ওপরে, আমি নিজের কাছে সৎ আছি। (শারীরিকভাবে) ভালো থাকলে আমি এটা উপভোগ করি। কিন্তু সেটা না হলে, সত্যিকার অর্থে আমার সময় ভালো কাটে না, এমনটা হলে আমি বিশ্বকাপ না খেলাটাই বেছে নেব। তাই দেখা যাক সামনে কী হয়। বিশ্বকাপ নিয়ে এখনও আমি কোনো সিদ্ধান্ত নেইনি।”

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়টা কাটিয়েছেন মেসি। সেখানে সাফল্যও পেয়েছেন আকাশসম। পরে পিএসজি হয়ে এখন ইন্টার মায়ামিতে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই ক্লাবেও দ্যুতি ছড়াচ্ছেন মেসি, ইতোমধ্যে তার কাঁধে চড়ে প্রথম শিরোপাও জিতেছে ক্লাবটি।

মেসির সাফল্যের ক্ষুধা যে এখনও একটুও কমেনি, তার ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্সেই সেটার প্রমাণ। মাঠে নামলেই তিনি গোল করেন বা করান সতীর্থদের দিয়ে, এটা নিয়মিত চিত্র।

পারফরম্যান্সের বিচারে এখনও শীর্ষ পর্যায়ে থাকার পরও, বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চাচ্ছেন না তিনি।

“আমি আগে এই মৌসুম শেষ করব, এরপর (আগামী মৌসুমের) প্রাক-মৌসুম। তখন বিশ্বকাপের আগে ৬ মাস বাকি থাকবে। তাই সেই সময় দেখা যাবে, আমি কেমন অনুভব করি।”

“আশা করি, ২০২৬ সালে ভালো একটা প্রাক-মৌসুম কাটাতে পারব এবং ভালোভাবে এমএলএসের এই মৌসুমটা কাটবে, এবং তারপর আমি সিদ্ধান্ত নিব।”