২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের মাঠে পেরে উঠল না ম্যানচেস্টার সিটি

এই ড্রয়ে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 07:30 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

পারফরম্যান্সের সেই তীব্রতা মেলে ধরতে পারল না ম্যানচেস্টার সিটি। রদ্রিকে ছাড়া খেলতে নেমে পারল না মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে। বেশিরভাগ আক্রমণ হলো ধারহীন। ফলাফল, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও পরে গোল হজম করে এক পয়েন্টের বেশি পেল না পেপ গুয়ার্দিওলার দল।

সেন্ট জেমস পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জোয়েলিনতন সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন অ্যান্থনি গর্ডন।

গত মৌসুমেও এই মাঠে এক পর্যায়ে হোঁচটের শঙ্কায় পড়েছিল সিটি। পরে শেষ দিকের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল তারা। এবারও শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিগ চ্যাম্পিয়নরা, কিন্তু দ্বিতীয় গোলের দেখা আর পায়নি তারা।  

গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে পয়েন্ট হারানোর ম্যাচে রদ্রির চোট পাওয়া এবং পুরো মৌসুমের জন্য তাকে হারানোর পর এদিন প্রথম খেলতে নামে সিটি। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া প্রথমার্ধে তাদের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও, প্রতিপক্ষকে খুব বেশি ভাবাতে পারেনি তারা।

তবে ৩৫তম মিনিটে গোল ঠিকই পেয়ে যায় সিটি। বাঁ দিক দিয়ে শাণানো আক্রমণে জ্যাক গ্রিলিশ একজনকে কাটিয়ে পাস দেন ডি-বক্সে, আর সেখানে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল। 

বিরতির আগে সমতায় ফিরতে পারতো নিউক্যাসল। বক্সের মধ্য থেকে জোরাল শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিনতন। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এদেরসন।

৫৮তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতা টানে নিউক্যাসল। গোলটিতে যথেষ্ট দায় আছে এদেরসনের। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটানোর চেষ্টা করেন গর্ডন। উপায় না পেয়ে তাকে ফাউল করে বসেন এদেরসন। স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ইংলিশ ফরোয়ার্ড গর্ডন। 

সমতায় ফিরে পরের কয়েক মিনিটে আরও কিছু ভালো আক্রমণে করে নিউক্যাসল। কয়েকটি হাফ-চান্সও পায় তারা; কিন্তু সিটিকে আর বিপদে ফেলতে পারেনি দলটি।

৭২তম মিনিটে নিউক্যাসল তাদের বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান ফিল ফোডেন। অরক্ষিত অবস্থায় থেকেও গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ইংলিশ মিডফিল্ডার।

আর্সেনাল ম্যাচের মতো এখানেও শেষ দিকে ব্যবধান গড়ে দেওয়ার সুযোগ আসে সিটির সামনে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বের্নার্দো সিলভার জোরাল শট লাফিয়ে রুখে দেন গোলরক্ষক।

আসরে প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করা সিটির তারকা আর্লিং হলান্ড এদিন গোলমুখে তেমন কার্যকর হতে পারেননি।

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর পর শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে গুয়ার্দিওলার দল। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৪।

এক ম্যাচ কম খেলা লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। দিনের পরের অংশে উলভসের মুখোমুখি হবে তারা।

আর ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে নিউক্যাসল।