২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে উয়েফার জরিমানা

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 08:39 PM

Updated : 18 Apr 2024, 09:03 PM

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পরদিন আরেকটি দুঃসংবাদ শুনল বার্সেলোনা। পিএসজির মাঠে সমর্থকরা বর্ণবাদী আচরণ করায় স্প্যানিশ ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজি মাঠে ৩-২ গোলে জেতে বার্সেলোনা। দ্বিতীয় লেগে বুধবার ঘরের মাঠে ৪-১ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বাদ পড়ে কাতালান ক্লাবটি। 

পাক দি ফ্রাঁসে প্রথম লেগে বার্সেলোনার সমর্থকরা বর্ণবাদী আচরণ করে। শুধু তাই নয়, আতশবাজি ফুটিয়ে স্টেডিয়ামটির ক্ষয়ক্ষতি করেছে বলে ক্লাবটির ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছে উয়েফা।

এই কারণে স্প্যানিশ ক্লাবটিকে ৩২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

এখানেই শেষ নয়, জরিমানার পাশাপাশি আরেকটি শাস্তিও দেওয়া হয়েছে বার্সেলোনাকে। উয়েফার প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকেট নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না ক্লাবটি। যদিও এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

সমর্থকদের মাধ্যমে হওয়া স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি মেটানোর জন্য পিএসজির সঙ্গে মীমাংসা করতে বার্সেলোনাকে ৩০ দিন সময় দিয়েছে উয়েফা।