২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরুর পর আরও উন্নতির তাগিদ টেন হাগের

দল যেভাবে খেলেছে, তাতে পুরোপুরি সন্তুষ্ট নন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

জয় দিয়ে শুরুর পর আরও উন্নতির তাগিদ টেন হাগের

এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 04:15 PM

Updated : 15 Aug 2023, 04:29 PM

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে বলতে গেলে ম্যাচে কখনোই সেরা ছন্দে দেখা যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রতিপক্ষ যদি সুযোগ নষ্টের মহড়া না দিত, তাহলে ফলাফল ভিন্ন হতেও পারত। কষ্টার্জিত জয়ে মৌসুমে শুরুর উচ্ছ্বাস থাকলেও তাই ইউনাইটেড কোচ এরিক টেন হাগ দেখছেন উন্নতির অনেক জায়গা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত সোমবারের ম্যাচে ১-০ গোলে জয় পায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন রাফায়েল ভারানে। 

দুই অর্ধেই আক্রমণাত্মক ফুটবলে বারবার ইউনাইটেডের রক্ষণের পরীক্ষা নেয় উলভারহ্যাম্পটন। গোলের অনেক সুযোগও তৈরি করে তারা৷ তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় পায়নি তারা জালের দেখা। উল্টো ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করে ইউনাইটেড।

দল যেভাবে খেলেছে, তাতে পুরোপুরি সন্তুষ্ট নন টেন হাগ। ম্যাচের পর বিবিসি স্পোর্টকে অভিজ্ঞ এই কোচ বলেন, জয়টা সহজে ধরা দেয়নি তাদের।

“(আমাদের পারফরম্যান্স) আরও ভালো হতে পারে। আমরা আরও ভালো খেলতে পারি। তবে জয় পেয়ে আমরা খুব খুশি। প্রতিপক্ষ শক্তিশালী ছিল। আমাদেরও ওই পর্যায়ে উঠতে হবে। পয়েন্ট পেতে আমাদের কঠিন লড়াই করতে হয়েছে।” 

“প্রিমিয়ার লিগে কোনো সহজ ম্যাচ নেই এবং অবশ্যই উলভারহ্যাম্পটন (ওয়ান্ডারার্সের) সহজ প্রতিপক্ষ নয়। তারা একটি কঠিন দল এবং আমরা আসলেই ভালো খেলেছি। প্রতিটি ম্যাচেই আপনাকে লড়াই করতে হবে।”

এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছে গোলরক্ষক আন্দ্রে ওনানার। চলতি গ্রীষ্মের দলবদলে যোগ দেওয়া সাবেক ইন্টার মিলান ফুটবলারের প্রশংসা করেছেন টেন হাগ।

“সে খুব ভালো কিছু সেভ করেছে। মাঠে সে খুব শান্ত-স্থির ছিল, তার অভিষেকটা বেশ ভালোই হয়েছে।”

ইউনাইটেডের পরবর্তী ম্যাচ লিগে আগামী শনিবার, প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার।