২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লিভারপুলে ‘অমর’ হলেন দিয়োগো জটা

গাড়ি দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফুটবলারের একটি ম্যুরাল তৈরি করা হয়েছে অ্যানফিল্ডের কাছে।

লিভারপুলে ‘অমর’ হলেন দিয়োগো জটা
দিয়েগো জটার ম্যুরাল। ছবি: লিভারপুল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটার প্রতি শ্রদ্ধা জানাতে তার একটি ম্যুরাল তৈরির কাজ শেষ হয়েছে। ইংলিশ ক্লাবটির ঘরের মাঠ অ্যানফিল্ডের কাছে তৈরি করা হয়েছে এটি।

অ্যানফিল্ডের বাইরে জটার প্রতি ভক্তদের শ্রদ্ধাঞ্জলির আরেকটি নিদর্শন এই ম্যুরাল, যা তৈরি করেছেন শিল্পী জন কলশ।

জটার দুই হাতে কাল্পনিক হৃদয় চিত্রিত করে উদযাপনের মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে ম্যুরালটিতে। এই ছবিটি বেছে নেওয়ার কারণ তুলে ধরলেন কুলশ।

“লিভারপুলের ভক্ত হিসেবে আমরা জানি কীভাবে ট্র্যাজেডি সামলে উঠতে হয় এবং এমন একজনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, যিনি আমাদের এত কিছু দিয়েছেন। আমি এই ছবিটি আঁকার জন্য বেছে নিয়েছি, কারণ এতে দেখা যাচ্ছে দিয়োগো ভক্তদের প্রতি ভালোবাসা পাঠাচ্ছে এবং আমাদের শহরে তাকে এভাবে অমর করে রাখতে পারা বোঝাচ্ছে যে, আমরা ভালোবাসা ফিরিয়ে দিচ্ছি।”

দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করার ১০ দিন পর, এই মাসের শুরুতে স্পেনের থামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।  

লিভারপুল কদিন আগে ঘোষণা দেয় যে, জটার সম্মানে তার ২০ নম্বর জার্সি ক্লাবের পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর পরবে না।