২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ কাজে না লাগানোর হতাশা বেলজিয়াম কোচের

১৫ ম্যাচ অপরাজিত থাকার পর অপ্রত্যাশিত পরাজয়ে সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ বেলজিয়াম কোচ ডমিনিকো তেদেস্কো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 12:28 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

শুরুতেই গোল হজম করে পিছিয়ে যাওয়া। পরে একের পর এক সুযোগ হাতছাড়া। এর সঙ্গে দুটি গোল ‘বাতিল’ হওয়ার পর শেষ পর্যন্ত হেরে গিয়েই ইউরোর যাত্রা শুরু করে বেলজিয়াম। ম্যাচ শেষে তাই হতাশার শেষ নেই কোচ ডমিনিকো তেদেস্কোর।

জার্মানির স্টুটগার্টে সোমবার ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় স্লোভাকিয়া। ইউরোপের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সেরা অঘটনগুলোর একটিতে ম্যাচের সপ্তম মিনিটে গোল করে জয়ের নায়ক ইভান শারাঞ্জ।  

স্লোভাকিয়ার গোলে স্পষ্ট দায় ছিল বেলজিয়ামের রক্ষণের। শুরুতেই এই গোল খাওয়ার পর সমতা ফেরানোর অনেক সুযোগ তৈরি করে ফিফা র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা দলটি। এমনকি দুবার বল জালেও জড়ান রোমেলু লুকাকু।

ম্যাচের ৫৬ মিনিটে প্রথমবার অফ সাইডের কারণে ভিএআর দেখে লুকাকুর গোল বাতিল করেন রেফারি। মিনিট ত্রিশেক পর আবার বল জালে জড়ান অভিজ্ঞ ফরোয়ার্ড। কিন্তু স্নিকো মিটারে ধরা পড়ে আক্রমণের শুরুতে হ্যান্ডবল হয়েছিল লোইস ওপেন্ডার।

দুটি গোল বাতিল হওয়া ছাড়াও আরও একাধিক সুযোগ তৈরি করে বেলজিয়াম। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত শুরুর ওই গোলেই লেখা হয়ে যায় তাদের ভাগ্য। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর তারা পায় পরাজয়ের তেতো স্বাদ।

ম্যাচ শেষে তাই সুযোগ হাতছাড়ার আক্ষেপই জানালেন তেদেস্কো।

“আমরা একটি কাজই শুধু ভালোভাবে করতে পারিনি, সুযোগ কাজে লাগানো। আমরা অনেক সুযোগ পেয়েছি। তবে এগুলো খেলার অংশ। অবশ্যই ফুটবলাররা খুবই হতাশ।”

“আমাদের অনেক সুযোগ ছিল। আমরা হাই প্রেস করে খেলেছি। সাধারণত আপনি এমন ম্যাচ হারবেন না। এটি যন্ত্রণাদায়ক।”

কোলনে আগামী শনিবার রোমানিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম।