২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেক সপ্তাহ’ সাকাকে পাবে না আর্সেনাল

মৌসুমের মাঝপথে দলের খুব গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে হারানোটা আর্সেনালের জন্য অনেক বড় ধাক্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 08:30 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

লম্বা সময়ের জন্য বুকায়ো সাকাকে হারাল আর্সেনাল। দলটির কোচ মিকেল আর্তেতা জানালেন, হ্যামস্ট্রিং চোটে ‘অনেক সপ্তাহের জন্য’ ছিটকে গেছেন এই ইংলিশ উইঙ্গার। 

প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ওই চোট পান সাকা। ৫-১ গোলে জেতা ম্যাচের ২৫তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন আর্তেতা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায় এই ইংলিশ ফুটবলারকে।

ম্যাচের পরই তার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আর্তেতা। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্সেনাল কোচ বললেন, সহসাই ২৩ বছর বয়সী এই তারকাকে পাচ্ছেন না তারা। 

“এটা (সাকার চোট) ভালো মনে হচ্ছে না। সে অনেক সপ্তাহের জন্য বাইরে থাকবে।”

সাকাকে বাকি মৌসুমে আর পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন কি-না, এমন প্রশ্নে আর্তেতার উত্তর, “না, আমি খুবই আশাবাদী, মৌসুম শেষ হওয়ার আগেই সে ফিরে আসবে।”

এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে ২৪ ম্যাচে ৯টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন সাকা। এর মধ্যে প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে তার গোল ৫টি, অ্যাসিস্ট ১০টি। 

মৌসুমের মাঝপথে দলের খুব গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে হারানোটা আর্সেনালের জন্য তাই অনেক বড় ধাক্কা।

নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার লিগে ইপ্সউইচ টাউনের মুখোমুখি হবে আর্সেনাল।

১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্তেতার দল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি দুইয়ে, ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে আছে।