বার্সেলোনার অভিযোগ নিয়ে যা বললেন আতলেতিকো কোচ
বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন দিয়েগো সিমেওনে।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে একটি পেনাল্টি না পাওয়ায় উয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ দায়ের করা নিয়ে মোটেও চিন্তিত নন দিয়েগো সিমেওনে। আতলেতিকো কোচ বললেন, মাদ্রিদে এই ধরনের পরিস্থিতিতে তারা অভ্যস্ত হয়ে গেছেন।
কাম্প নউয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের দ্বিতীয়ার্ধে আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো বক্সেই পাস দেন সতীর্থ মার্ক পুবিলকে। দেখে মনে হচ্ছিল, গোল কিকের পর পুনরায় খেলা শুরু। কিন্তু বল হাত দিয়ে ধরে ফের গোলরক্ষককে পাস দেন পুবিল, যিনি আগেই একটি হলুদ কার্ড দেখেন।
তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসচ কোনো সাড়া দেননি। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ক্রিস্টিয়ান ডিনগার্টও হস্তক্ষেপ করেননি।
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এটাকে তিনি স্পষ্ট ‘পেনাল্টি ও পুবিলের লাল কার্ড’ পাওয়ার মতো কাজ মনে করেন। পরে উয়েফার কাছে অভিযোগ করে এই ঘটনার তদন্তের দাবি জানায় কাতালান ক্লাবটি।
লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে সিমেওনেকে প্রশ্ন করা হয়, বার্সেলোনা হয়তো রেফারির ওপর চাপ সৃষ্টি করছে আর এতে তিনি চিন্তিত কি না।
“আমি খুবই শ্রদ্ধাশীল। আমরা মাদ্রিদে থাকি, আমরা এই ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। যারা বোঝেন, তাদের জন্য এটা বোঝা খুবই সহজ, তাই আমরা মোটেও চিন্তিত নই।”
তখন সিমেওনেকে প্রশ্ন করা হয়, তিনি কি রেয়াল মাদ্রিদের থেকে চাপ সৃষ্টির অভিযোগ করছেন?
“আমি অভিযোগ করিনি। বার্সেলোনা সম্পর্কে আমার কাছে যে মতামত চাওয়া হয়েছিল, তার জবাব দিয়েছি এবং বলেছি যে, আমরা মাদ্রিদে এই ধরনের ঘটনায় অভ্যস্ত।”
কাম্প নউয়ে ২-০ গোলে জেতা আতলেতিকো আগামী মঙ্গলবার ঘরের মাঠে খেলবে ফিরতি লেগ।
