২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের বিপক্ষে ভিনিসিউসের জায়গায় এন্দ্রিক

প্রথমবার শুরুর একাদশে খেলবেন তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 12:40 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

কার্ডের খাড়ায় এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে দুয়ার খুলে গেল এন্দ্রিকের জন‍্য। উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে প্রথমবারের মতো ব্রাজিলের শুরুর একাদশে খেলবেন এই টিনএজ প্রতিভা।  

লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় সেমি-ফাইনালে যাওয়ার লক্ষ‍্যে মাঠে নামবে ব্রাজিল। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করলেন, শুরুর একাদশে থাকবেন ‘মেসিনিয়ো’ নামেও পরিচিত ফুটবলের নতুন সেনসেশন এন্দ্রিক। 

“আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমরা একজন খেলোয়াড়কে পেয়েছি যে নিজের সামর্থ‍্য দেখিয়ে এগিয়ে এসেছে এবং সুযোগের সন্ধানে আছে। হতে পারে এটাই এন্দ্রিকের সময়।”

“আমার মনে হয় না, এন্দ্রিক সুনির্দিষ্টভাবে নাম্বার নাইন, যার খেলা নির্ধারিত। সে এমন একজন খেলোয়াড় যে থাকে বাধনহীন, চারপাশে ঘুরে বেড়ায়। দল ধারাবাহিকভাবে বিবর্তিত হচ্ছে। এ কারণেই আমি বলি, তাতে নিয়ে তাড়াহুড়া না করতে। সেরা সমন্বয় পাওয়া স্রেফ সময়ের ব‍্যাপার।”

১৭ বছর বয়সী এন্দ্রিক দেশের হয়ে এখন পর্যন্ত করেছেন তিন গোল, সবকটি প্রীতি ম‍্যাচে।

গত জানুয়ারিতে ব্রাজিলের কোচ হয়ে আসা ৬২ বছর বয়সী দরিভাল চোটের জন‍্য পাচ্ছেন না নেইমার জুনিয়রকে। অনেক দিন ধরেই মাঠের বাইরে এই তারকা ফরোয়ার্ড। তাকে ছাড়া বেশ ভুগছেও ব্রাজিল। 

দরিভালের কোচিংয়ে এখন পর্যন্ত সাত ম‍্যাচ খেলেছে ব্রাজিল। গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্রয়ে রানার্সআপ হয়ে পা রেখেছে কোয়ার্টার-ফাইনালে। দরিভাল মনে করেন, উন্নতির পথেই আছে তার দল।  

“আমরা কেবল ৩৭ দিন এক সঙ্গে আছি। সবাইকে নিয়ে, পুরো স্কোয়াডের উপস্থিতিতে ২০টির মতো অফিসিয়াল অনুশীলন সেশন করেছি। আমরা অনেক উন্নতি করেছি। তবে এখনও কিছু সমস‍্যার সমাধান বাকি। এগুলো প্রক্রিয়ার অংশ।” 

“সমালোচনা থাকবেই, টেবিলে আপনার অবস্থান যাই হোক না কেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন‍্য স্বাস্থ‍্যকর একটি পথ বের করে নেওয়া।”

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের খুঁজে ফিরছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্ব কিংবা প্রীতি ম‍্যাচ- কোথাও নেই ধারাবাহিকতা। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে আছে বিপরীত অবস্থানে। গ্রুপ পর্বে পেয়েছে টানা তিন জয়। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে হারিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনাকে।

তবে অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না দরিভাল। তার মতে, কোয়ার্টার-ফাইনালে অপেক্ষা করছে লাতিন আমেরিকার দারুণ এক ধ্রুপদী লড়াই।

“এটা ব্রাজিলের জন‍্য গুরুত্বপূর্ণ একটি ম‍্যাচ হতে যাচ্ছে, উরুগুয়ের জন‍্যও। সম্মান ওদের প্রাপ‍্য এবং আমার মনে কোনো সন্দেহ নেই যে, আমাদের দলের বিপক্ষে ওদের সমস‍্যা হবে। এই দলগুলো পরস্পরকে জানে এবং সম্মান করে। একটা দারুণ ম‍্যাচ খেলার জন‍্য প্রয়োজনীয় সব কিছুই আমাদের আছে।”