১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসকে দুয়ো: পর্তুগিজ প্রবাদের কথা বললেন মরিনিয়ো

শিগগির স্বরূপে ফিরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, আত্মবিশ্বাসী জুজে মরিনিয়ো।

ভিনিসিউসকে দুয়ো: পর্তুগিজ প্রবাদের কথা বললেন মরিনিয়ো
ভিনিসিউসের খেলা মনোযোগ দিয়ে দেখছেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 07:59 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিনিসিউস জুনিয়রকে দুয়োর প্রসঙ্গে বলতে গিয়ে পর্তুগিজ প্রবাদ সামনে আনলেন জুজে মরিনিয়ো। বললেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে ভক্তদের বিপুল প্রত‍্যাশার জন‍্যই এটা ঘটছে। রেয়াল মাদ্রিদ কোচ আশাবাদী, শিগগির স্বরূপে ফিরবেন ভিনিসিউস।  

ফের বের্নাবেউয়ে নামতে যাচ্ছেন ভিনিসিউস। বাংলাদেশ সময় রোববার ১টায় (এএম) রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে রেয়াল। এর আগে মরিনিয়োর সংবাদ সম্মেলনে এলো দুয়ো প্রসঙ্গ। 

“পর্তুগালে এক প্রবাদ আছে, আমি জানি না স্পেনেও ব‍্যাপারটা একইরকম কিনা। বলা হয়, ‘যে গাছে ফল ধরে, মানুষ সেই গাছেই ঢিল মারে।’ সাম্প্রতিক বছরগুলোতে ভিনি কী করেছে? কতগুলো চ‍্যাম্পিয়ন্স লিগ সে জিতেছে? 

“সে ফলে পূর্ণ এক গাছ। আর ফল চায় বলেই মানুষ ঢিল ছুঁড়ে। আর ভিনিসিউসের সেরাটা এখনও আসতে বাকি। গত বছর যেটা দেখেছিলাম, যখন বেনফিকার বিপক্ষে শঙ্কায় ছিল বের্নাবেউ। সে জয় এনে দিয়েছিল, সেই ভিনিসিউস আসছে। এই তথ‍্য ও পরিসংখ‍্যানের যুগে সে তার সেরা গতির খুব কাছেই আছে। সে স্প্রিন্টে নিজের রেকর্ড ভেঙেছে, বল পুনরুদ্ধারের রেকর্ড ভেঙেছে, প্রতিপক্ষের রক্ষণ বল পুনরুদ্ধারের রেকর্ড ভেঙেছে… সে ফিরছে।”

এমবাপের সমালোচনার জবাব প্রসঙ্গে বলতে গিয়েও সেই একই প্রবাদের কথা বললেন মরিনিয়ো।

“আমি সমালোচনা নিয়ে কথা বলব না। ভিনির ব‍্যাপারে যে প্রবাদ বলেছিলাম, এখানেও সেটাই বলব। এমবাপে ঠিকই বলেছে, ৪০ গোল করা খেলোয়াড় কোনো দলের জন‍্য সমস‍্যা হতে পারে না। 

“অনেকেই আছে ফুটবল নিয়ে কথা বলে কিন্তু ফুটবল সম্পর্কে জানে না। আবার এমন মানুষ আছে যারা ফুটবলটা বোঝে, আমার মতো, তারা এগুলো বলবে না। তারা কেন বলবে না? আমরা জেতায় কি তারা খুশি না? আমরা ঐক‍্যবদ্ধ আছি। আমরা বেতিসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছি কিন্তু নিবেদন একই ছিল। সবাইকে খুশি করার জন‍্য আমরা নিজেদের সবটুকু করব।”