সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
Published : 04 Apr 2026, 09:01 PM
ফ্লাইট বিলম্বিত হওয়ায় ইসমাইল-রেনানদের এক ঘণ্টা দেরি হলো ঢাকায় পা রাখতে। বিমানবন্দরের ভিআইপি গেইটে গণমাধ্যমকর্মীদের, রাস্তায় দাঁড়িয়ে থাকা, হাতিরঝিলের সাজানো এম্ফিথিয়েটারে আসা ফুটবলপ্রেমীদের অপেক্ষাও বাড়তে থাকল। অবশেষে রাত সোয়া আটটায় ভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে এলেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বিজয়ীরা, উচ্ছ্বাসে-উল্লাসে, শ্লোগানে মুখরিত হলো চারধার।
মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এ নিয়ে দুটি শিরোপা জিতল দল।
যুবাদের বরণ করে নিতে সাজানো হয় ছাদ খোলা বাস। এর আগে দুটি উইমেন’স সাফ ও এবং সাফ উইমেন’স ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-মারিয়া-সানজিদাদের বরণ করে নেওয়া হয়েছিল ছাদ খোলা বাসে। প্রথমবারের মতো ছেলেদের জন্য করা হলো এমন আয়োজন। রাত ৮টার দিকে চ্যাম্পিয়নদের ছবি সংবলিত, সবুজ রংয়ের বাসটি আসে বিমানবন্দরে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে রাত ৮টা ১২ মিনিটে অধিনায়ক মিঠু চৌধুরী ট্রফি হাতে নিয়ে বেরিয়ে আসেন ভিআইপি গেট দিয়ে। গণমাধ্যমকর্মী ও সমর্থকদের উন্মাদনার মুহূর্তটি এক ফাঁকে ফোনে ফ্রেমবন্দী করে রাখতে দেখা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানকে। ছোট্ট প্রতিক্রিয়ায় রোনান বলে, “আমরা এটা সমর্থকদের জন্য করেছি (জিতেছি)।”
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় ফেরার অনুভূতি জানান এক বাক্যে জানান কোচ মার্ক কক্স, “এটা বিশেষ কিছু।”
ভিআইপি গেটেই ফটোসেশনে বিজয়ীদের সাথে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই দলের অনেকে জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত বলে জানান আমিনুল।
“আমি অন্যরকম অনুভব করছি। দীর্ঘদিন পরে আমাদের অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এই ধরণের জয় নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যাব। আগামী ৬ এপ্রিলে আমাদের একটি অনুষ্ঠান আছে। সেখানেই আমরা এই বিজয়ীদের সংবর্ধনা দেব এবং পুরস্কারের ঘোষণা দেব।”
রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে চেপে মুর্শেদ-ফয়সালরা-ইসমাইলরা রওনা দেন হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে। এ সময় ছাদে খেলোয়াড়দের নেচে-গেয়ে, লাল-সবুজের পতাকা উড়িয়ে উদযাপনে মেতে থাকতে দেখা যায়।