২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঝড়’ সামলাতে ৪০-৫০ খেলোয়াড়ের স্কোয়াড চাই গুয়ার্দিওলার

ঠাসা সূচির কারণে চোট সমস্যা বাড়ায় এবং এর বিরূপ প্রভাব পারফরম্যান্সের ওপর পড়ায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 04:09 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

ফুটবলের ঠাসা সূচি নিয়ে আগে থেকেই বেশ বিরক্ত ও ক্ষুব্ধ পেপ গুয়ার্দিওলা। এতে নিজের দলের চোট সমস্যা প্রকট হওয়ায় এবং এর বিরূপ প্রভাব পারফরম্যান্সের ওপর বাজেভাবে পড়ায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটি কোচ।

চলতি মৌসুমের শুরুতেই সিটি শিবিরে চোট ছোবল দেয়। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, এবারের ব্যালন দ’র জয়ী, মিডফিল্ডার রদ্রি ছিটকে পড়েন পুরো মৌসুমের জন্য। লম্বা সময় বাইরে ছিলেন প্লেমেকার কেভিন ডে ব্রুইনে। এছাড়াও চোট আঘাত হেনেছে বারবার, বিভিন্ন মেয়াদে ছিটকে পড়েন অনেকে। 

মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ করেই পুরোপুরি কক্ষচ্যুত হয়ে পড়েছে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে সিটি; সাতটিতে হেরেছে ও দুটি ড্র করেছে।

ফলে, লিগ শিরোপা ধরে রাখার অভিযানে তারা পিছিয়ে পড়েছে অনেকখানি আর চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে দলটিকে।

ঘুরে দাঁড়ানোর অভিযানে রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। দলের নাজুক অবস্থা নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা কারণ হিসেবে ঠাসা সূচির কথাই জোর দিয়ে বলেন। 

“দলের জয়ের ক্ষুধা ও লড়াকু মানসিকতা আগের মতোই আছে। খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে, কারণ যেভাবে তারা দৌড়ায় ও লড়াই করে (এরপরও ফল পাচ্ছে না)। যে পরিস্থিতিতে (ঠাসা সূচি) আমাদের লড়াই করতে হচ্ছে, তার মধ্যেও তারা যা কিছু করে, তা অবিশ্বাস্য।”

“ক্যালেন্ডারে আগের চেয়ে এখন অনেক বেশি ম্যাচ। আমাদের চোট সমস্যাও এখন অনেক বেশি। এতে আমার ভাবনায় আসে, এত ম্যাচের জন্য ৪৫-৫০ জনের স্কোয়াড দরকার। আর্থিকভাবে ক্লাবের জন্য যা অনেক কঠিন হবে।”

চলতি মৌসুম শেষে আগামী বছরের জুনে বসবে ৩২ দলের অংশগ্রহণে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। তাতে গ্রীষ্মের বিরতির সময়টা কমে আসবে আরও। সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ পেল গুয়ার্দিওলার কণ্ঠে।

“গ্রীষ্মে আমরা (ফিফা ক্লাব) বিশ্বকাপ খেলব। এর তিন সপ্তাহ (পর), আবার প্রিমিয়ার লিগ শুরু হবে। হয়তো আমরাদের স্কোয়াডের গভীরতা আরও বাড়াতে হবে।”

“সূচিই সমস্যা। অনুশীলন নয়, ফিজিও, চিকিৎসক কিংবা খেলোয়াড়রাও সমস্যা নয়। এটাই সত্য। একটাই সমস্যা আর সেটা হলো (ঠাসা) সূচি। এবং এই সূচির কারণ দ্রুত সময়ে বা পরবর্তীতে, সব ক্লাব এই সমস্যায় পড়বে।”

সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ভুগছে অনেক আগে থেকেই। নতুন কোচ হুবেন আমুরির হাত ধরেও তেমন কোনো চমক এখনও দেখাতে পারেনি তারা। তাই ম্যাচটি মাস দেড়েক আগে হলে, নিশ্চিতভাবেই ফেভারিট থাকত সিটি। তবে, পরস্থিতি এখন পুরোটাই পাল্টে গেছে।

প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল, দলটি আবার এক ম্যাচ কমও খেলেছে।

সিটির সমান ১৫ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড।