ইয়ংমেন’সের কাছে হেরে ৯ নম্বরে মোহামেডান!
ম্যাচ জুড়ে বিবর্ণ ফুটবল খেলে শেষ ম্যাচে হেরে গেল আলফাজ আহমেদের দল।
পাঁচ দিনের ব্যবধানে দুই রূপে ধরা দিল মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে আসার পর, বাংলাদেশ ফুটবল লিগে ফকিরেরপুল ইয়ংমেন’সের বিপক্ষে খেলল নিষ্প্রাণ ফুটবল। হতাশাময় পথচলায় পেল আরেকটি হারের স্বাদ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ২-০ গোলে হেরেছে মোহামেডান। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে নেমে গেছে ‘সাদাকালো’ জার্সিধারীরা।
জার্সির রঙের মতোই ছিল মোহামেডানের এদিনের পারফরম্যান্স। আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে আসা ম্যাচের দাপটের ছিটেফোঁটাও মোজাফ্ফরভ-আরিফরা মেলে ধরতে পারেননি ইয়ংমেন্সের বিপক্ষে। তবে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও জাল অন্তত রাখতে পেরেছিল তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য রক্ষণের দুর্বলতায় পিছিয়ে পড়ে মোহামেডান। তিন ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন ইরফান হোসেন।
৬১তম মিনিটে আরেক গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে লিগের শিরোপাধারীরা। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বেরিয়ে যান বেন কুয়াত্তারা। এরপর বক্সে ঢুকে মোহাম্মদ শান্তর সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলমুখের সামনে থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড।
দুই গোল হজমের পরও আড়মোড়া ভেঙে জেগে উঠতে পারেনি মোহামেডান। এই অর্ধে উল্লেখ করার মতো সুযোগ তারা পায় ৭৫তম মিনিটে; কিন্তু আরিফের কোনাকুনি শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান গোলকিপার। বাকিটা সময়েও ঘুরে দাঁড়ানোর উপলক্ষ না পাওয়া মোহামেডান মাঠ ছাড়ে আসরে দ্বিতীয় হার নিয়ে।
