'O spin'- এর ব্যাখ্যা শুনে মোরসালিন বললেন ‘দারুণ স্লোগান’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান বেশ মনে ধরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই তরুণ ফরোয়ার্ডের।
ছবি তোলার সময় ‘O spin’ স্লোগানটি চোখে পড়ল শেখ মোরসালিনের। অতিথির আসনে বসার পর সামনে থাকা গিফটের প্যাকেটে লেখা ‘O spin’ দেখে আরও কৌতূহলী হয়ে উঠলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানের বিশদ ব্যাখ্যা শুনে উচ্ছ্বাস ভরা কণ্ঠে এই তরুণ ফরোয়ার্ড বলে উঠলেন, “দারুণ স্লোগান তো!”
অনেক প্রতিকূলতার স্রোত, নানা বাঁকবদল পেরিয়ে আসা দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার রাতে পালন করল ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে নানা অতিথিদের মধ্যে ছিলেন উইমেন’স সাফ জয়ী দলের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও।
অনুষ্ঠানে এসে অতিথির আসনে বসে সাবিনা-মারিয়াদের সাথে কিছুক্ষণ গল্প করলেন মোরসালিন ও তপু বর্মন। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আসা মেয়েদের সামনা-সামনি পেয়ে আবারও অভিনন্দন জানালেন দুজন।
এরপরই প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘O spin’ নিয়ে কৌতূহলী হয়ে উঠলেন মোরসালিন।
"যত প্রতিকূলতা আসুক, বিডিনিউজ কখনও বদলায়নি, বদলাবে না, আগেও যেমন ছিল, এখনও তেমন। সঠিক তথ্য পরিবেশনে নিজেদের অবস্থানে আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকবে"-বিস্তারিত ব্যাখ্যা শুনে তরুণ তারকা ফরোয়ার্ড চোখে-মুখে বিস্ময়ের হাসি দিয়ে বললেন, “ইন্টারেস্টিং, দারুণ স্লোগান তো!”
মোরসালিনের পাশে বসে থাকা ডিফেন্ডার এবং জাতীয় দলের বর্তমান অধিনায়ক তপুও স্লোগানটি নিয়ে জানালেন নিজের অনুভূতি, “স্লোগানটি ভালো লেগেছে আমারও, ভিন্নতা আছে।”
অনুষ্ঠানে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মারিয়া মান্দা, দুই ডিফেন্ডার মাসুরা পারভীন, নিলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড আইরিন উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গন থেকে অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
বাফুফের পক্ষ থেকে কর্মকর্তা ও খেলোয়াড়রা ফুলেল শুভেচ্ছা জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে।
