বিশ্বকাপে নরওয়ে, ‘বর্ণনাতীত ও অবিশ্বাস্য’ বলছেন ওডেগোর
ব্যর্থতা, হতাশা আর প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটাল নরওয়ে।
দুই যুগের বেশি সময়ের প্রতীক্ষার অবসান। একের পর এক ব্যর্থতা, হতাশা আর হৃদয়ভাঙার ইতিহাস। সেই সব কঠিন সময় পেরিয়ে অবশেষে আবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। দেশটির ফুটবলের বহু বছরের হাহাকার যেন ইতি ঘটেছে। তাই এখনই উৎসব শুরু হয়ে গেছে সেখানে।
লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটানো এই সাফল্যকে ‘বর্ণনাতীত ও অবিশ্বাস্য’ বলে মনে করছেন দলের সবচেয়ে বড় তারকাদের একজন মার্টিন ওডেগোর।
মিলানে রোববার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারায় নরওয়ে। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করে তারা।
বিশ্বকাপে নরওয়ে সবশেষ খেলেছিল ১৯৯৮ সালে। দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্ব মঞ্চে লড়াই করতে দেখা যাবে দলটিকে।
সাবেক চ্যাম্পিয়নদের উড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্মরণীয় ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি ওডেগোর। তবে দলের এই সাফল্যে আবেগ ছুঁয়ে গেছে তাকেও। নরওয়েজিয়ান টিভি-২ কে দেওয়া সাক্ষাৎকারে সেটাই ফুটে উঠল এই আর্সেনাল মিডফিল্ডার ও জাতীয় দলের অধিনায়কের কণ্ঠে।
“এটা বর্ণনাতীত। পুরোপুরি অবিশ্বাস্য। এত দীর্ঘ সময় ধরে আমরা যেটার জন্য স্বপ্ন দেখেছি ও কঠোর পরিশ্রম করেছি। সেটা যেভাবে অর্জন করলাম, তা অবিশ্বাস্য। বিশাল এক মুহূর্ত।”
“আমরা কত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, অনেকবার ব্যর্থ হয়েছি। মুহূর্তটিতে একসঙ্গে থাকতে পারা আমার কাছে সব পাওয়ার মতো। আমরা বিশ্বাস ধরে রেখেছি, আর এখন তার ফল পাচ্ছি। অনেক লড়াই করে নিখুঁত একটি বাছাইপর্ব শেষ করে এখন আমরা এখানে। এটা অবাস্তব।”
