২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ফুটবল ফেরাতে ফিফার উদ্যোগ, হবে স্টেডিয়াম

সংঘাত পরবর্তী গাজায় মানুষের স্বাভাবিক জীবন ফেরানোর লক্ষ্যে, শান্তি পর্ষদের সঙ্গে মিলে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 07:25 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

গাজার পুনর্গঠন ও সেখানে শান্তি ফেরানোর লক্ষ্যে আন্তর্জাতিক মহলে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করেছে ফিফাও। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে মানুষের স্বাভাবিক জীবন ফেরানোর পাশাপাশি, ফুটবলও ফেরাতে পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

সেই লক্ষ্যে গাজা পুনঃনির্মাণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বানানো বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদের’ সঙ্গে বৃহস্পতিবার একটি চুক্তিও করেছে ফিফা। এই চুক্তির আওতায়, বিশ্ব নেতাদের ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ এনে গাজায় ফুটবল অবকাঠামো তৈরি করবে সংস্থাটি।

ওই শান্তি পর্ষদের প্রথম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার পর, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। এজন্য বিভিন্ন দেশের কাছ থেকে ৭০০ কোটি ডলার পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।

আর ফুটবল ঘিরে বিভিন্ন প্রকল্প সেখানে বাস্তবায়নের জন্য ফিফা প্রায় সাড়ে সাত কোটি ডলার বিনিয়োগ পাবে, জানিয়েছেন ট্রাম্প।

শান্তি পর্ষদের সঙ্গে চুক্তি অনুযায়ী, গাজায় স্কুলের পাশে ও আবাসিক এলাকায় ৫০টি ছোট মাঠ তৈরি করবে ফিফা। এছাড়া বিভিন্ন এলাকায় হবে পাঁচটি বড় মাঠ, একটি ফিফা একাডেমি ও ২০ হাজার আসনবিশিষ্ট একটি স্টেডিয়াম।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

“আজ ফিফা ও বোর্ড অব পিস একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে গাজায় ফুটবলে বিনিয়োগ আসবে এবং এর মাধ্যমে সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় (মানুষের স্বাভাবিক জীবন) ফেরাতে কাজ করা হবে।”

এই প্রকল্পের আওতায় নতুন চাকরি বাজার তৈরি, যুবকদের অংশগ্রহণ, ছেলে-মেয়েদের লিগ আয়োজনে জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে ফিফার বিবৃতিতে।