২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে নিয়ে ইয়ামালের বাজে মন্তব্য ঘিরে প্রশ্ন থেমে নেই

গত সপ্তাহের ধাক্কা সামলে আসছে ম্যাচেই জয়ের পথে ফিরতে না পারলে লিগ টেবিলে আরেকটু নিচে নেমে যেতে পারে বার্সেলোনা।

রেয়াল মাদ্রিদকে নিয়ে ইয়ামালের বাজে মন্তব্য ঘিরে প্রশ্ন থেমে নেই
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে এক বেফাঁস মন্তব্য করে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন লামিনে ইয়ামাল। তুমুল বিতর্কের জন্ম দিয়ে মাঠে নেমে বিবর্ণ পারফরম্যান্সের পর আরও সমালোচনা শুনতে হয় বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের। আবার জয়ের পথে ফেরার অভিযানে নামার আগে ফেলে আসা সেই ঘটনায় নতুন করে আর আলো ফেলতে চাইলেন না দলটির কোচ হান্সি ফ্লিক।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় গত রোববার মুখোমুখি হয় বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ ম্যাচটির আগে প্রতিপক্ষকে ‘চোর’, ‘ধোঁকাবাজ’ বলেন ইয়ামাল। তিনি আরও বলেন, ‘রেয়াল মাদ্রিদ কেবল অভিযোগ করে।’

স্বাভাবিকভাবেই ওই মন্তব্যের কারণে রেয়াল মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে রোষানলে পড়েন ইয়ামাল। ম্যাচে একদমই নিজেকে মেলে ধরতে পারেননি ১৮ বছর বয়সী তারকা। তিনি বল পেলেই দুয়ো দেন রেয়াল সমর্থকরা। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরে লিগ টেবিলে রেয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। 

সেই ম্যাচের পর ছয় দিন পেরিয়ে গেলেও ইয়ামালের ওই মন্তব্য নিয়ে আলোচনা থেমে নেই। শনিবার ফ্লিকের সংবাদ সম্মেলনেও উঠল প্রসঙ্গটি। এই জার্মান কোচ বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেন না।

“বিষয়টি এখন অতীত হয়ে গেছে এবং আমি এ বিষয়ে কথা বলতে চাই না।”

রেয়ালের বিপক্ষে হারের ধাক্কা সামলে এলচের বিপক্ষে আসছে ম্যাচে জয়ের পথে ফিরতে না পারলে, লিগ টেবিলে তিন নম্বরে নেমে যেতে হতে পারে কাতালান ক্লাবটিকে।

ঘরের মাঠে রোববার বাংলাদেশ সময় সাড়ে ১১টায় এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। 

১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে বার্সেলোনা। শীর্ষে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭।

সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে এলচে।