২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো শেষ স্কটিশ ডিফেন্ডার টিয়েরনির

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 09:15 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

কিয়েরন টিয়েরনির গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে না পারা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের বাকি অংশ থেকেই ছিটকে গেলেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার।

এরই মধ্যে দেশের উদ্দেশে জার্মানি ছেড়েছেন আর্সেনালের ফুটবলার টিয়েরনি। স্কটল্যান্ডের সহকারী কোচ জন কার্ভার নিশ্চিত করেছেন বিষয়টি।

“সে দেশে ফিরছে, এরপর তার চোটের অবস্থা মূল্যায়ন করবে আর্সেনাল। এই মুহূর্তে আমি এটাই বলতে পারি। পরবর্তী অবস্থা তারাই জানাবে। সে অবশ্যই ভীষণ হতাশ। যদি আমরা উন্নতি করতে পারি এবং টুর্নামেন্টে এগিয়ে যেতে পারি, আমি নিশ্চিত যে সে আমাদের সমর্থন করার জন্য ফিরে আসবে।”

ইউরোতে বুধবার সুইজারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে টিয়েরনির। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষে টিয়েরনির চোটের অবস্থা জানতে চাওয়া হলে স্কটল্যান্ডের কোচ স্টিভেন ক্লার্ক বলেন, “চোট পেয়েছে, নিশ্চিতভাবেই পরের ম্যাচে খেলতে পারবে না।”

আগামী রোববার হাঙ্গেরির বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

জার্মানির বিপক্ষে ৫-১ গোলে উড়ে যাওয়ার পর সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে স্কটল্যান্ড। এতে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা এখনও বেঁচে আছে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলটির। নকআউট পর্বে উঠতে হলে রোববার হাঙ্গেরিকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। সঙ্গে জার্মানি-সুইজারল্যান্ড ম্যাচের ফলও আসতে হবে তাদের পক্ষে।

অবশ্য গ্রুপে তৃতীয় হতে পারলেও পরের ধাপে খেলা সুযোগ হতে পারে স্কটল্যান্ডের। ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটি উঠবে পরের ধাপে।