ভারত-লড়াইয়ের আগে স্বপ্ন আর শঙ্কার দুলুনিতে বাংলাদেশ
রিকভারির জন্য জিমনেশিয়ামে, সুইমিংপুলে এবং হোটেলের আঙিনায় ঘুরে দিনটি পার করেছেন সাবিনা-মনিকারা।
কাঠমাণ্ডুর সোল্টি হোটেলের লনে দল বেঁধে ঘুরছিলেন সাবিনা খাতুন-মারিয়া মান্দা-মনিকা চাকমারা। চোখে মুখে তাদের আশা-শঙ্কার ছায়া স্পষ্ট। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলতে এবার যে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়তে হবে। সেখানেও আছে নানা সমীকরণ। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের হতাশা আর ভারতের বিপক্ষে সমীকরণ মেলানোর দ্বিমুখী চাপ কেড়ে নিয়েছে সাবিনাদের স্বাভাবিক উচ্ছ্বাস।
‘এ’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে ৫-২ গোলে জয়ী ভারত ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১-১ ড্রয়ের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। ভারতের বিপক্ষে তিন গোলের কম ব্যবধানে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেরা চারে উঠবে বাংলাদেশ। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার এই সমীকরণ মেলাতেই মাঠে নামবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার হতাশা যদিও এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। যেখানে হেরে গেলে বিদায়ঘণ্টা বাজত পাকিস্তানের, সেখানে তারা ১ পয়েন্ট নিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে আছে। দলটির খেলোয়াড়রাও আছেন সাবিনাদের সাথে একই হোটেলে।
হোটেলের বাইরের আঙিনায় দেখা অধিনায়ক মারিয়া জামিলা খানের সাথে। চোটের অবস্থা জানতে চাইলে চওড়া হাসি দিয়ে বললেন, “এখন বেশ ভালো”। গতবার বাংলাদেশের বিপক্ষে ৬-০ গোলে হেরে যাওয়ার হতাশা এবার ভুলতে চেয়েছিলেন তিনি; চাওয়া পূরণ হয়েছে তার।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই শামসুন্নাহার জুনিয়রের সাথে সংঘর্ষে চোট পেয়েছিলেন মারিয়া। চোখের কোণে তিন সেলাই দেখা যাচ্ছিল স্পষ্ট। জামিলার মতোই দলটির কোচ আদিল রিজকিকে দেখা গেল হাসিমুখে হোটেলের বাইরের লবিতে বসে থাকতে; সেমি-ফাইনালে খেলার আশা যে এখনও ছাড়েননি তিনি।
আশা ছাড়ছে না বাংলাদেশও। চোখের কোণে কেটে যাওয়া স্থানে ব্যান্ডেজ নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে এলেন শামসুন্নাহার জুনিয়র। স্বস্তির বার্তাই দিলেন পাকিস্তান ম্যাচে সমতা ফেরানো গোলটি করা এই ফরোয়ার্ড। বললেন, চোট গুরুতর নয়, ভারতের বিপক্ষে ম্যাচেও হতে চান দলের আক্রমণভাগের ভরসা।
মনিকা চাকমা কথায় কথায় ইঙ্গিত দিলেন, গত আসরে সাফ জয়ী অভিজ্ঞরা পাকিস্তান ম্যাচে থাকলে ফল অন্যরকম হতে পারত। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচে মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্দাদের শুরুর একাদশে পাশে পেতে চান তিনি। জানালেন, ভারতের বিপক্ষে ‘ভালো ফলের’ আশাবাদও।
পাকিস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে মনিকাদের এমন আশাবাদী হয়ে ওঠার কারণও গত আসর। দুই বছর আগের গ্রুপ পর্বের সেই ম্যাচে এই মাঠেই ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে সিরাত জাহান স্বপ্না করেছিলেন জোড়া গোল, একবার জালের দেখা পেয়েছিলেন কৃষ্ণা।
সাফের মুকুট ধরে রাখার অভিযানে স্বপ্না নেই অবসর নেওয়ার কারণে। শতভাগ ফিট নন বলে কৃষ্ণা পাকিস্তান ম্যাচ বদলি নামেন ৭০তম মিনিটে। মাঠ ছেড়ে যাওয়ার সময় সাবিনা অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে যান কৃষ্ণার বাহুতে। গতবার চার গোলের আলো ছড়ানো এই ফরোয়ার্ড পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়িয়েছিলেন এক-দু’বার, কিন্তু জালের দেখা পাননি।
ফুটবলে এই জালের দেখা পাওয়াটাই জরুরি। তবে বাংলাদেশ কোচ পিটার বাটলার আপাতত রিকভারি আর পাকিস্তান ম্যাচের ড্রয়ের ধকল কাটিয়ে ওঠার দিকে গুরুত্ব দিচ্ছেন বেশি। সোমবার তাই অনুশীলনের কথা থাকলেও তা হয়নি। জিমনেশিয়ামে, সুইমিংপুলে আর হোটেলের আশ-পাশে ঘুরে সময় কাটিয়েছে মেয়েরা। তবে যে উচ্ছ্বাস নিয়ে, নির্ভার থেকে দিনটি কাটানোর কথা ছিল, তা সমীকরণের হিসেব-নিকেশের নিচে চাপা পড়ে গেছে অনেকটাই।
