২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালে ‘সারাজীবন’ থাকতে চান ভিনিসিউস

সাম্প্রতিক সময়ে ওঠা তার সৌদি ফুটবলে যাওয়ার গুঞ্জনও উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 05:49 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে নিজের সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হতেই থামিয়ে দিলেন ভিনিসিউস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদকে স্মরণীয় এক জয় এনে দেওয়ার পর ব্রাজিলিয়ান তারকা বললেন, তিনি ‘আজীবন’ এই ঠিকানাতেই থাকতে চান।

গত মৌসুমের দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সে এবং ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবারের ব্যালন দ’র জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে আছেন ভিনিসিউস। এবারও ছুটছেন তিনি প্রায় একই ছন্দে।

সাম্প্রতিক সময়ে তাকে ঘিরেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, তাকে পেতে নাকি খুব আগ্রহী সৌদি আরবের একাধিক ক্লাব। আর গত অগাস্টে ইএসপিএন এক সূত্রের বরাতে জানতে পারে যে, চলতি মৌসুম শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ২৪ বছর বয়সী তারকা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের দুই ফাইনালিস্টের লড়াইয়ে এবার প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রেয়াল, পরে অসাধারণ এক হ্যাটট্রিকে দলকে ৫-২ ব্যবধানে জেতান ভিনিসিউস। ম্যাচ শেষে উচ্ছ্বাসভরা কণ্ঠে তিনি ওইসব জল্পনা-কল্পনার ইতি টেনে দেন।

“আমার বয়স কেবল ২৪ বছর। আমি এখানে সারাজীবন থাকতে চাই এবং এই দলে যত বেশি সম্ভব অবদান রাখতে চাই। এখানে আসার পর থেকে এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে।”

চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ভিনিসিউস। চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে, ভীষণ কঠিন হয়ে পড়া লড়াইয়ে দলের ঘুরে দাঁড়ানোর নায়ক তিনিই। তবে নিজেসহ সবার আরও উন্নতি প্রয়োজন দেখছেন ভিনি।

“(রেয়াল কোচ কার্লো) আনচেলত্তি আমাকে আরও উন্নতি করতে বলেছেন, যেন আমি সবসময় আরও বেশিকিছু করতে পারি। আমাদের উন্নতি করতে হবে এবং ম্যাচের শুরু থেকে এভাবে (ভালো) খেলতে হবে।”

“এটা আমাদের প্রতিযোগিতা এবং আমরা আবারও এটা জিততে চাই।”

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে একটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছিলেন ভিনিসিউস। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় পাঁচটিসহ মোট আট গোল করেছেন তিনি।