এশিয়ান কাপ বাছাই
Published : 30 Mar 2026, 09:23 PM
বাছাই পেরুতে না পারার হতাশা ঝরল জামাল ভুঁইয়ার কণ্ঠে। তবে বাছাইয়ের শেষ ধাপে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের চাওয়া বাকি কাজটুকু ঠিকঠাক করা। বাকি কাজ মানে, সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে বাছাই শেষ করা এবং তা করতে দল প্রস্তুত বলে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এ উপলক্ষে সোমবার প্রস্তুতি নিয়েছে দল।
‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগের দেখায় ঢাকায় বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। তাদের বিপক্ষেই খেলবে পাঁচ ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে পেছনে ফেলে টেবিলে দ্বিতীয় হতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে হবে হাভিয়ের কাবরেরার দলকে।
স্বীকৃত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের অতীত নেই বাংলাদেশের। তবে পরিসংখ্যানে প্রাপ্তির অতীত নেই বলে যে বর্তমানে সম্ভাবনাও নেই, তা মনে করেন না জামাল। বরং অধিনায়ক আশাবাদী অতীতের না পারার বৃত্ত ভাঙতে।
“কোচ যেমন বললেন, আমরা যদি আগামীকাল ৩ পয়েন্ট পাই, তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে চেয়েছিলাম, (কিন্তু পারিনি) । একই সঙ্গে আমার মনে হয়, আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।”
জামাল-হামজাদের প্রস্তুতি দেখতেও মাঠে আসছেন সিঙ্গাপুরে থাকা বাংলাদেশী ফুটবলপ্রেমীরা। মাঠের লড়াইয়েও নিশ্চিতভাবেই তারা থাকবেন গ্যালারিতে। তাদের জন্য লড়াই করার অনুপ্রেরণা অনুভব করছেন জামাল।
“আমরা যেখানেই যাই, যেসব দেশে অনেক বাঙালি আছে, সেখানে আমরা প্রায়ই এই ধরনের ভিড় দেখি। তবে অবশ্যই গতকালের বিষয়টা খুব ইতিবাচক ছিল। আমি মনে করি, প্রতিটি ম্যাচই একটি চ্যালেঞ্জ। আমি আগেও বলেছি, যারা টিকেট পায়নি, তারা যদি আমাদের খেলা দেখতে পারত, তবে খুব ভালো হতো, কারণ জাতীয় দল তো আর প্রতিদিন সিঙ্গাপুরে আসে না। তারা অবশ্যই আমাদের হৃদয়ে থাকবে এবং আমরা তাদের জন্যও লড়াই করব।”
“আপনি যখন ফুটবল খেলতে নামেন এবং ম্যাচের ভেতরে থাকেন, সত্যি বলতে তখন আপনি ভক্তদের কথা ভাবেন না। আপনি তখন খেলার ভেতরেই বেশি ডুবে থাকেন। তবে ম্যাচের আগে এবং পরে আপনি ভক্তদের উপস্থিতি উপলব্ধি করেন; যারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে এসেছে। আপনি সেটাকে মূল্যায়ন করেন। আগামীকাল একটি কঠিন চ্যালেঞ্জিং ম্যাচ হতে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আমরা ভালো করতে পারব।”