২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে থাকবেন প্রিন্স উইলিয়াম ও স্পেনের প্রধান মন্ত্রী সানচেস

ইংল্যান্ড ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুই দেশের আরও কয়েকজন নেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 08:19 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দলকে উজ্জীবিত করতে স্টেডিয়ামে থাকবেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং নবনির্বাচিত ব্রিটিশ প্রধান মন্ত্রী কিয়ার স্টারমার। তাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন আরেক ফাইনালিস্ট স্পেনের প্রধান মন্ত্রী পেদ্রো সানচেস।

শেষের দুয়ারে পৌঁছে গেছে এক মাসব্যপী এই টুর্নামেন্ট। জার্মানির বার্লিনে আগামী রোববার মাঠে গড়াবে ২০২৪ ইউরোর ফাইনাল। স্পেন ও ইংল্যান্ডের লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

ম্যাচটি দেখতে প্রিন্স উইলিয়ামের উপস্থিত থাকার কথা বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার নিশ্চিত করেছেন জার্মান সরকারের এক মুখপাত্র। এছাড়া, স্পেনের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ প্রধানমন্ত্রীদের সঙ্গে মাঠে থাকবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে স্পেন। জার্মানির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়নদের সামনে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার হাতছানি। আর প্রথমবার ট্রফিটি জয়ের আশায় আছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড।