২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন খেলোয়াড় কেনা নিয়ে ‘কৌশলী’ ফ্লিক

কেবল ভালো ফুটবলার নয়, বার্সেলোনার হয়ে খেলতে হলে আরও অনেক গুণ একজন খেলোয়াড়ের থাকতে হবে বলে জানালেন দলটির কোচ হান্সি ফ্লিক।

নতুন খেলোয়াড় কেনা নিয়ে ‘কৌশলী’ ফ্লিক
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

‘কোন খেলোয়াড়কে দলে নিতে চান?’- দলবদলের বাজারে কোনো কোচের কাছে এটি সাদামাটা প্রশ্ন। তবে এর উত্তরও বার্সেলোনা কোচ দিয়েছেন কৌশলী সুরে। বলেছেন, কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে তার খেলোয়াড় কেনা।

একটি বিষয় ক্লাবের আর্থিক সক্ষমতা। অন্যটির ব্যাখ্যা ফ্লিক দিয়েছেন একটু লম্বা করে, সেখানে ভালো ফুটবলার হওয়াই যথেষ্ট নয়। ফ্লিকের মতে, বার্সেলোনার জার্সিতে খেলতে হলে ভালো মানুষ, ভালো সতীর্থ, দলের উন্নতিতে অবদান রাখার গুণও থাকতে হবে খেলোয়াড়টির মধ্যে।

শীতকালীন দলবদলে কেবল জোয়াও কান্সেলোকে দলে টেনেছে বার্সেলোনা। যদিও ধারণা করা হচ্ছে, গ্রীষ্মের দলবদলের সময় ক্লাবটি সক্রিয় হবে আরও। 

দলের শক্তি বাড়ানোর বিষয় নিয়েই এ সপ্তাহে মুন্দো দেপোর্তিভোর গ্র্যান্ড গালায় অংশ নিতে গিয়ে প্রশ্নের মুখোমুখি হন ফ্লিক। উত্তরও বার্সেলোনা কোচ দেন কুটনীতিকের মতো।

“কোন খেলোয়াড়কে আমি চুক্তিবদ্ধ করতে চাই? এটা কঠিন প্রশ্ন। কেননা, আমি মনে করি, এ মুহূর্তে চমৎকার একটি দল আছে আমাদের। আমরা যা কিছু করি, তার সবটুকু খুব ভালো হতে হবে। দেকো (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) দারুণ সহকর্মী এবং আমরা সবকিছু নিয়ে কথা বলি।”

“সব সিদ্ধান্ত নিতে হয় আর্থিক অবস্থার বিবেচনায়। তবে সর্বোপরি, সেই খেলোয়াড় দলকে আরও ভালো করতে পারবে কি না, সে ভালো মানুষ কি না, সে ভালো সতীর্থ কি না- এসব আমাদের প্রয়োজন: চমৎকার এই দলটায় ভালো মানুষ (চাই আমি)।”

লা লিগার টেবিলে বর্তমানে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ফ্লিকের দল।