বিশ্বকাপের জন্য কোপা আমেরিকাই মেক্সিকোর সেরা প্রস্তুতি
দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সব ম্যাচ জেতার চেয়ে কোপা আমেরিকায় বড় দলগুলোর বিপক্ষে খেলাই বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি হবে মনে করেন মেক্সিকো কোচ হাইমে লোসানো।
স্বাগতিক দেশ হওয়ায় আগামী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না মেক্সিকোর। তাই এবারের কোপা আমেরিকা ছাড়া মাঝে তেমন প্রতিযোগিতামূলক ম্যাচও নেই দলটির। ফলে, কনমেবল আয়োজিত চলতি টুর্নামেন্টই আগামী বিশ্ব আসরের জন্য দলের সম্ভাব্য সেরা প্রস্তুতি হবে বলে মনে করেন মেক্সিকো কোচ হাইমে লোসানো।
কোপা আমেরিকার এবারের আসরে লাতিন অঞ্চলের ১০ দেশের সঙ্গে কনকাকাফ ও ক্যারিবিয়ান কনফেডারেশনের ছয়টি দেশ অংশ নিচ্ছে। এর একটি কনকাকাফ ফেডারেশনের মেক্সিকো।
টেক্সাসের এআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ একুয়েডর ও ভেনেজুয়েলা।
গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মতো দলগুলোর মোকাবিলা করতে হতে পারে মেক্সিকোর। প্রথম ম্যাচের আগে দলটির কোচ বললেন, এটিই হবে তাদের যথাযথ প্রস্তুতি।
“এই প্রক্রিয়ায় বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার লক্ষ্যে আছি আমরা। এটিই সবচেয়ে ভালো লাগে আমার। এতে অনেক কিছু শেখা যায় এবং সেরা দলের বিপক্ষে নিজেকে যাচাই করা যায়। নিজেদের অবস্থান এবং কোথায় উন্নতি প্রয়োজন সেটিও বোঝা যায়।”
“বিশ্বকাপের পরেই কোপা আমেরিকার অবস্থান। কারণ এখানে আমরা যাদের বিপক্ষে খেলব, তারা অনেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিটি কনফেডারেশনের সেরাদের সঙ্গে খেলব আমরা। কেবল অংশ নিতে আসিনি আমরা। ভালো কিছু ম্যাচ জিততে চাই।”
মেক্সিকোর দায়িত্বে এরই মধ্যে এক বছর পূর্ণ করেছেন লোসানো। তার কোচিংয়ে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন সন্তোষজনক নয়। গত মার্চে কনকাকাফ নেশন্স লিগের ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে মেক্সিকো। এছাড়া চলতি মাসের শুরুতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচও হেরেছে তারা।
এসব নেতিবাচক ফলাফলে তেমন চিন্তিত নন লোসানো। বরং বিশ্বকাপের আগে শক্ত প্রতিপক্ষের মোকাবিলা করতে পারায় খুশি তিনি।
“এভাবে এগিয়েই আমি বিশ্বকাপে যেতে চাই। অন্য সব ম্যাচ জেতার চেয়ে (কোপা আমেরিকায়) এসব প্রতিপক্ষের মুখোমুখি হওয়াই আমি পছন্দ করব। কারণ বিশ্বকাপে আমরা এসব দলের বিপক্ষেই খেলব।”
