‘দেখিয়ে দিয়েছি, আমরা কী দিয়ে তৈরি’, টটেনহ্যামকে উড়িয়ে বললেন আর্সেনাল কোচ
জয়ের পথে ফেরার পর পেছনে ফিরে তাকালেন মিকেল আর্তেতা; বললেন, উলভস ম্যাচের ফল ছিল পীড়াদায়ক।
টটেনহ্যাম হটস্পারকে উড়িয়ে দেওয়ার তৃপ্তি নিয়ে পেছনে ফিরে তাকালেন মিকেল আর্তেতা। সেখানে অবশ্য অস্বস্তিই বেশি। এই দুই ম্যাচের ফলের দিকে তাকিয়ে আর্সেনাল কোচের মনের মধ্যেও চলছে মিশ্র অনুভূতির দোলাচল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার টটেনহ্যামকে ৪-১ গোলে হারায় আর্সেনাল। দুটি করে গোল করেন এবেরেচি এজে ও ভিক্তর ইয়োকেরেশ। প্রতিপক্ষের মাঠে পাওয়া দাপুটে জয়ের উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই ঝরল আর্তেতার কণ্ঠে।
“আমরা কী দিয়ে তৈরি, সেটা দেখিয়েছি-এমন অনুভব হচ্ছে। কিন্তু এরপর, এমন পারফরম্যান্স আবার এবং বারবার করতে হবে। কেননা, প্রতিটি ম্যাচ শেষে যদি আপনাকে বিশ্লেষণ করতে হয় যে আপনি কেমন অনুভব করছেন, তাহলে বিষয়টা রোলারকোস্টারের মতো হবে এবং এটা টেকসইও নয়।”
“সেখানে (টটেনহ্যামের মাঠে) আমি যা দেখেছি, তাতে এর চেয়ে বেশি গর্বিত ও খুশি হতে পারি না।”
টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর ২৮ ম্যাচে ১৮ জয় ও সাত ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সিটির সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত তারা।
টটেনহ্যাম ম্যাচের আগের রাউন্ডে আর্তেতার দল মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটনের। সেদিন জয়ের দারুণ আশা জাগিয়েও, প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ ড্র নিয়ে ফিরেছিল ‘গানার’ খ্যাত দলটি।
স্পার্সদের বিপক্ষে জয়ের পর উলভারহ্যাম্পটন ম্যাচের দিকেও ফিরে তাকালেন আর্তেতা। ওই ম্যাচের ফল ‘পীড়াদায়ক’ ছিল, বললেন আর্সেনাল কোচ।
“উলভসের বিপক্ষে যা ঘটেছিল এবং যেভাবে আমরা শেষ মুহূর্তে দুই পয়েন্ট হারিয়েছিলাম, সেটা কঠিন ছিল। কিন্তু এটাই খেলার সৌন্দর্য্য। কিভাবে আমরা ম্যাচটি ড্র করলাম, তার কোনো গুরুত্ব নেই। যে কোনো দৃষ্টিকোণ থেকে, আপনি যদি ম্যাচটি দেখেন, বলবেন- এটা অসম্ভব। এবং এটা আপনাকে আবার দেখতে হবে এবং বলতে হবে, এমনটা আর হবে না।”
