টানা ৪ ম্যাচ হেরে গুয়ার্দিওলার কণ্ঠে ‘সেরা দল’ না পাওয়ার আক্ষেপ
একের পর এক খেলোয়াড় হারানোর জন্য ব্যস্ত সূচির দিকেও আঙুল তুলেছেন ম্যানচেস্টার সিটির কোচ।
মৌসুমে প্রথম দুই ম্যাচ হারের পর চোটের থাবাকে সেভাবে গুরুত্ব দেননি পেপ গুয়ার্দিওলা। জোড়াতালি দিয়ে গড়া দল নিয়েও ঘুরে দাঁড়ানোর আশা ছিল তার। কিন্তু, পরের দুই ম্যাচেও পরাজয়ের তেতো স্বাদ পেয়ে এবার চোট সমস্যাকেই বড় কারণ হিসেবে দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ।
প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-১ গোলে হেরে যায় সিটি। এনিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে হারল ইংলিশ চ্যাম্পিয়নরা।
১৮ বছরের মধ্যে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি ম্যাচ হারল সিটি। এর আগে সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল স্টুয়ার্ট পিয়ার্সের কোচিংয়ে, ২০০৬ সালে।
২০০৭ সালে শুরু কোচিংয়ে ক্যারিয়ারে এই প্রথম টানা চার ম্যাচ হারের অভিজ্ঞতা হলো বিশ্বের সেরা কোচদের একজন গুয়ার্দিওলার।
২০১৪-১৫ মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালেও এমন বাজে অভিজ্ঞতা পাওয়ার কাছাকাছি গিয়েছিলেন তিনি। সেবার জার্মান কাপের সেমি-ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে যায় তার দল। এরপর টানা তিন ম্যাচে হারে তারা, দুটি বুন্ডেসলিগায় এবং একটি চ্যাম্পিয়ন্স লিগে।
মৌসুমের শুরু থেকে সিটির টানা অপরাজেয় পথচলায় ছন্দপতন হয় গত ৩০ অক্টোবর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয় তারা। পরের ছয় দিনের মধ্যে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ৪-১ গোলে হেরে যায় গুয়ার্দিওলার দল।
বিপর্যস্ত ওই সপ্তাহ শেষে, ঘুরে দাঁড়াবে কী; উল্টো শক্তিতে পিছিয়ে থাকা ব্রাইটনের বিপক্ষেও পেল তারা হারের তেতো স্বাদ। টানা চার মৌসুমে সিটিকে লিগ শিরোপা জেতানো গুয়ার্দিওলার কাছে ব্রাইটন ম্যাচ শেষে জানতে চাওয়া হয়, এটা কি একটি যুগের সমাপ্তি? সিটি কোচ সরাসরি উত্তর না দিলেও, তুলে ধরেন পূর্ণ শক্তির দল না পাওয়া নিয়ে আক্ষেপের কথা।
“মানুষ এটাই (সিটির পরাজয়) চায়, তাই না? এটা স্বাভাবিক…আমরা অনেক কিছু জিতেছি। আমি শুধু স্কোয়াডের সবাইকে প্রস্তুত অবস্থায় পেতে চাই।”
যদিও গুয়ার্দিওলার এই চাওয়া শিগগিরই পূরণ হচ্ছে না। এসিএল চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন মাঝমাঠের ভরসা, এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। দলের সেরা চার সেন্টার-ব্যাক-রুবেন দিয়াস, জন স্টোনস, মানুয়েল আকাঞ্জি ও ন্যাথান আকে চোটের কারণে আছেন মাঠের বাইরে।
চোট কাটিয়ে ফিরলেও এখনও নিজের সেরা ছন্দে নেই সিটির প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনে। চোটজর্জর দল নিয়ে ঠাসা সূচিতে নিজেদের মানিয়ে নিতে পারছে না সিটি। গুয়ার্দিওলাও আঙুল তুললেন ব্যস্ত সূচির দিকেও।
“আমাদের (চোটের) যে অবস্থা, তাতে আমরা তিন দিন, চার দিন, তিন দিন পরপর এটা (ম্যাচ খেলতে ও জিততে) পারছি না। আমি সব খেলোয়াড়কে ফিরে পেতে চাই।”
তবে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নন গুয়ার্দিওলা। বললেন, এমনটা হলে নিজেই সবার আগে আত্মসমালোচনা করতেন।
“যখন আমরা খারাপ খেলি, তখন আমিই প্রথমে বলি, ‘ওহ, ওহ, আমি এটা পছন্দ করছি না।’ কিন্তু তেমনটা মনে হচ্ছে না।”
