Published : 19 Apr 2026, 04:32 PM
আগের দিন বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায়, লিগ শিরোপা ধরে রাখার খুব কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের বিপক্ষে হার এড়ালেই টানা দ্বিতীয় মৌসুমে বুন্ডেসলিগার ট্রফি উঁচিয়ে ধরবে ভেসোঁ কম্পানির দল।
জার্মানির শীর্ষ লিগে শনিবার হফেনহাইমের মাঠে ২-১ গোলে পরাজিত ডর্টমুন্ড ৩০ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে শীর্ষে বায়ার্ন, একটি ম্যাচ আবার কম খেলেছে তারা।
তাই রোববার ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলেই, চার রাউন্ড বাকি থাকতে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।
শিরোপা ধরে রাখার অভিযানে নেমে মৌসুম জুড়ে দাপট দেখাচ্ছে বায়ার্ন। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে, গত রাউন্ডেই প্রতিযোগিতার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড নতুন করে লিখেছে তারা, এখন পর্যন্ত ১০৫ গোল করেছে দলটি। এবার নিশ্চিত করে ফেলতে পারে শিরোপাও।
এই নিয়ে ১৪ মৌসুমের মধ্যে ১৩ বার লিগ চ্যাম্পিয়ন হবে জার্মানির সফলতম ক্লাবটি। বুন্ডেসলিগায়ও রেকর্ড শিরোপা জিতেছে তারা, এখন পর্যন্ত ৩৪ বার।
২৯ ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে কম্পানির দল। ২৪ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৭৬।