‘সাহসী জিরোনা’ লা লিগা জিততে পারে, মনে করেন শাভি
জিরোনা কোচ অবশ্য এখনই অতদূর তাকাচ্ছেন না, তবে বার্সেলোনাকে হারানোর পরিকল্পনা ঠিকই আঁটছেন।
মৌসুম শুরুর আগে জিরোনার পক্ষে বাজি ধরার লোক কমই ছিল। লা লিগার টেবিলে উপরে দিকে থাকা তো দূর অস্ত, হয়তো তাদের ঘিরে মূল আলোচনা ছিল শীর্ষ লিগে টিকে থাকার সম্ভাবনা নিয়ে। কিন্তু কয়েক মাস যেতেই সেসব পাল্টে গেছে, তাদের নামের পাশে যোগ হয়েছে নতুন নতুন বিশেষণ; বিস্ময়, চমক, এমন আরও কত কী!
জিরোনার মাঝে এখন তাই নতুন লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার রসদও দেখতে পাচ্ছেন অনেকে! বার্সেলোনার কোচ শাভি এর্নান্দেসও যেমন দুর্বার জিরোনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে মুগ্ধতা জানালেন অকপটে।
লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষ তিনে আছে বার্সেলোনা ও জিরোনা। ৩৮ পয়েন্ নিয়ে দুইয়ে জিরোনা, তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিলে ব্যবধান কমাতে কাম্প নউয়ে বাংলাদেশ সময় রোববার রাত ২টায় জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। জিরোনার সামনে আছে দারুণ কিছুর হাতছানি-এ ম্যাচে জিততে পারলে লিগ টেবিলে রেয়ালকে ছাড়িয়ে শীর্ষে উঠবে তারা। বার্সেলোনা ও জিরোনার চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে রেয়াল।
কঠিন এই লড়াইয়ের আগে দুই দলই দারুণ ছন্দে আছে। বার্সেলোনা অপরাজিত আছে লিগে টানা চার ম্যাচে, এর মধ্যে তিনটিতেই জয় তাদের; সবশেষ ম্যাচে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে হারায় শাভির দল। অন্যদিকে, জিরোনা লিগে অপরাজিত সবশেষ সাত ম্যাচ।
আসছে ম্যাচে জিরোনাকে যে মোটেও হালকাভাবে নেওয়ার উপায় নেই, তা ভালো করেই জানেন বার্সেলোনা কোচ। জয়ের ধারায় থাকার আশাবাদ যদিও জানালেন তিনি, তবে শনিবারের সংবাদ সম্মেলনে জিরোনার সাহসিকতার প্রশংসা করতে ভোলেননি তিনি।
“পয়েন্ট তালিকায় অনেক ওপরে জায়গা করে নিয়ে তারা অনেককে চমকে দিয়েছে, কিন্তু আমাদের কাছে তারা কোনো চমক নয়। মিচেলের মতো গ্রেট একজন কোচকে পেয়ে তারা ডায়নামিক দল হয়ে উঠেছে। তাদের ধরন আমাদের মতোই, তারা বল পায়ে রেখে খেলতে চায়, চাপ দিতে চায়। সর্বোপরি, তারা দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করছে।”
“(শিরোপা লড়াইয়ে) তারা সরাসরি প্রতিদ্বন্দ্বী এবং সব ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে ছুটে তারা লিগ জয়ের আশা করতেই পারে। তাদেরকে আমার ভালো লাগে। তারা সাহসী এবং নির্ভীক চিত্তে ফুটবল খেলে। মিচেল (বার্সার মতো) বড় দলের কোচিং করাতে পারে।”
লিগে ১৫ ম্যাচে কেবল একটিতে হেরেছে জিরোনা; গত সেপ্টেম্বরে ঘরের মাঠে, রেয়ালের বিপক্ষে। ম্যাচের পর ম্যাচে কঠিন অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যও দারুণ প্রশংসনীয়; এ পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ১৯ পয়েন্ট পেয়েছে দলটি, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যে কোনো দলের চেয়ে বেশি।
চারিদিকে তাদের নিয়ে এত এত উচ্ছ্বাস-উন্মাদনা খেলা করছে, শোনা যাচ্ছে প্রশংসাবাণী, তাদের লা লিগা জয়ের সম্ভাবনাও দেখতে শুরু করেছে অনেকে; তবে জিরোনা কোচ সেসবে কান দিচ্ছেন না।
“বর্তমানে আমাদের লক্ষ্য ইউরোপিয়ান টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। এখন আমাদের পয়েন্ট ৩৮, লিগ টেবিলে নিরাপদে থাকতে আমরা যে ৪০ পয়েন্টের কথা বলি তা থেকে একটি জয় দূরে আছি।”
“বার্সেলোনাকে হারাতে পারলে আমরা আরেক ধাপে পৌঁছে যাব। এতে তারা ৭ পয়েন্টে পিছিয়ে পড়বে এবং সবার জন্যই সেটা অনেক বড় কিছু হবে।”
