ফের হলান্ডের জোড়া গোল, আর্সেনাল-সিটি ব্যবধান আরও কমল
লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনল পেপ গুয়ার্দিওলার দল।
প্রথম আধা ঘন্টায় দাপুটে ফুটবলে তিন গোল করার পর কিছুটা মন্থর হয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। বেশিরভাগ সময় ঘর সামলাতে ব্যস্ত সময় পার করা লেস্টার সিটি বিরতির পর ব্যবধান কমিয়ে নাটকীয় কিছুর আভাস দিলেও কিছু শেষ পর্যন্ত তেমন কিছু অবশ্য হলো না। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
জন স্টোনস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড। সফরকারীদের একমাত্র গোলদাতা কেলেচি ইহেনাচো।
৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল ব্যবধান আবার বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে।
প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে নতুন কোচ ডিন স্মিথের অভিষেকেও ভাগ্য বদলাল না লেস্টার সিটির। ২০১৫-১৬ মৌসুমের শিরোপা জয়ী দলটি ৩১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পড়ে রইল ১৯ নম্বরেই।
ঘরের মাঠে পঞ্চম মিনিটেই স্টোনসের চমৎকার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। রদ্রির হেডে ডি-বক্সের মাথা থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার।
ত্রয়োদশ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। ডি বক্সে জ্যাক গ্রিলিশের ক্রসে বল লেস্টারের উইলফ্রেড এনডিডির হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
২৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে কেভিন ডে ব্রুইনে পাস দেন নরওয়ের তারকাকে। বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফুটবলার।
প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন হলান্ড। চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার ৩২ গোল হয়ে গেল ২৮ ম্যাচেই। প্রিমিয়ার লিগ যুগে এক আসরে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৩৪ গোলের যৌথ রেকর্ড ছোঁয়ার আরও কাছে চলে গেলেন তিনি।
২০১৭-১৮ আসরে হলান্ডের সমান ৩২ গোল করেছিলেন লিভারপুলের মোহামেদ সালাহও।
সিটির জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে হলান্ডের গোল হলো ৪৭টি।
প্রথমার্ধের দুই গোলদাতাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি ম্যানচেস্টার সিটির কোচ। বদলি নামেন হুলিয়ান আলভারেস ও মানুয়েল আকনজি।
৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। বক্সের বাইরে থেকে রিয়াদ মাহরেজের চমৎকার বাঁকানো শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লেস্টার গোলরক্ষক।
৭১তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হারান ডেনিস প্রেট। সতীর্থের পাস বক্সে ভালো পজিশনে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন তিনি। লক্ষ্যে লেস্টারের প্রথম শট এটিই।
চার মিনিট পর অবশ্য ঠিকই গোলের দেখা পেয়ে যায় তারা। কর্নারে প্রতিপক্ষের একজনের হেড শুরুতে ফিরিয়ে দেন এদেরসন, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান ইহেনাচো।
৮৫তম মিনিটে দারুণ সেভে দলকে বাঁচান এদেরসন। কাছ থেকে জেমস ম্যাডিসনের প্রচেষ্টা ফিরিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। যোগ করা সময়ে ইহেনাচোর শট পোস্টে লাগলে আরেক দফা রক্ষা পায় গুয়ার্দিওলার দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি।
