২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার অনুশীলনে হাতে ব্যান্ডেজ নিয়ে মার্তিনেস বললেন, ‘খুবই রোমাঞ্চিত’

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে এই গোলরক্ষক সেরে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার অনুশীলনে হাতে ব্যান্ডেজ নিয়ে মার্তিনেস বললেন, ‘খুবই রোমাঞ্চিত’
অনুশীলনে এমিলিয়ানো মার্তিনেস। ছবি: মার্তিনেসের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 06:33 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ইনস্টাগ্রাম পোস্টে দুটি ছবি। যার একটিতে বল পাশে নিয়ে বসে এমিলিয়ানো মার্তিনেস। অন্যটিতে তিনি বল পায়ে নিয়ে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। চোট নিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিলেও উচ্ছ্বসিত বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে সোমবার প্রথম অনুশীলন করেছে আর্জেন্টিনা। ছোটখাটো চোট বা অন্যান্য সমস্যায় ভোগা বেশ কয়েকজন খেলোয়াড় খুব বেশি অনুশীলন করেননি। তাদের একজন মার্তিনেস।

গত ২১ মে ইউরোপা লিগের ফাইনালের আগের ওয়ার্ম-আপের সময় মার্তিনেসের আঙুল ভেঙে যায়। বিশ্বকাপের আগে চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও, ফিজিওকে দিয়ে আঙুল পরীক্ষা করার পর ব্যথা নিয়েই খেলার সিদ্ধান্ত নেন তিনি। ম্যাচে দুটি সেভ করে ১৯৮২ সালের পর অ্যাস্টন ভিলার প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৩ বছর বয়সী তারকা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৯ দিন। আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যোগ দিয়ে অম্লমধুর অনুভূতির কথা শোনালেন মার্তিনেস। 

“খুবই রোমাঞ্চকর প্রথম দিন। সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে, কিন্তু বন্ধুদের সঙ্গে থাকতে পেরে ও দেশের বন্ধনে আবদ্ধ হতে পেরে ভালো লাগছে।”

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, যেকোনো ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন না মার্তিনেস। তবে ১৬ জুন বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে।