২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ‘তৈরি’

মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ নিয়ে স্পষ্ট ধারণা আছে, বললেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ‘তৈরি’
এন্দ্রিকের জয়সূচক গোলের পর তাকে ঘিরে ব্রাজিলের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 08:37 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে শুরুর একাদশ কেমন হবে, চোট কাটিয়ে নেইমার ফিরতে পারবেন কি না, এসব নিয়ে রয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল। দলটির কোচ কার্লো আনচেলত্তি বললেন, একাদশ নিয়ে স্পষ্ট ধারণা আছে তার।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিমূলক ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় ব্রাজিল।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা। মিশর ম্যাচের পর আনচেলত্তি বলেন, শুরুর একাদশের ছবি তার কাছে পরিষ্কার।

“মরক্কোর বিপক্ষে খেলার জন্য আমার শুরুর একাদশ তৈরি আছে। আমার স্পষ্ট ধারণা আছে।”

মিশরের বিপক্ষে বদলি নেমে জয়সূচক গোলটি করেন এন্দ্রিক। এই তরুণের পাশাপাশি অভিজ্ঞ দুই ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়ার খেলায় মুগ্ধ আনচেলত্তি।

“এন্দ্রিকের সেই গুণ আছে। সে খুব শক্তিশালী, ডি-বক্সে খুব ভালো অবস্থানে থাকে, সে গোলও করেছে… আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তাকে এভাবেই চালিয়ে যেতে হবে। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। মাথেউস কুইয়া হয়তো এন্দ্রিকের মতো ফিনিশিং দিতে পারে না, কিন্তু খেলা গড়ে তোলার ক্ষেত্রে সে খুবই গুরুত্বপূর্ণ।”

“আমার মনে হয় ভিনিসিউস ও রাফিনিয়া জুটি একসঙ্গে খুব ভালো খেলেছে। তাদের বোঝাপড়া ভালো হওয়ায় আমরা সুযোগ পেয়েছি। তাদের খেলা খুব ভালো ছিল।”