দুই পরাজয়ের পর বার্সার বিশাল জয়ে গর্বিত রাফিনিয়া
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে জয়ের পাশাপাশি বড় ব্যবধানের জয় পাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার জয় প্রত্যাশিতই ছিল। তার পরও জয়ের পর রাফিনিয়া বেশি উচ্ছ্বসিত বেশ কিছু কারণে। মৌসুমটা দারুণ শুরু করলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে একটু ভাটার টান পড়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে হার দিয়ে শুরুর পর এই জয়টা জরুরি ছিল। টুর্নামেন্টের নতুন ফরম্যাটে গোল পার্থক্যও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইয়াং বয়েজকে উড়িয়ে গর্বের উপকরণ পাচ্ছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজেদের মাঠে বার্সেলোনা ৫-০ গোলে বিধ্বস্ত করে সুইজারল্যান্ডের ক্লাবটিকে।
দুই সপ্তাহ আগে মোনাকোর বিপক্ষে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল বার্সেলোনা। এরপর ইয়াং বয়েজের বিপক্ষে এই ম্যাচের ঠিক আগে লা লিগায় তারা হেরে যায় ওসাসুনার কাছে। কিছুটা চাপে থেকেই তাই ম্যাচটি শুরু করেছিল তারা।
শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে দারুণ খুশি এই ম্যাচে একটি গোল করা রাফিনিয়া।
“আমরা জানতাম, চ্যাম্পিয়ন্স লিগের নতুন এই ফরম্যাটে হার দিয়ে শুরু করার পর দ্রুত ঘুরে দাঁড়ানো এবং কার্যকর ফল বের করা জরুরি। আজকে আমরা এটাই করেছি। লা লিগার ম্যাচে ওসাসুনার কাছে পরাজয়ও ছিল বাড়তি চাপের। তবে দল দারুণভাবে সাড়া দিয়েছে এবং নিজেদের পারফরম্যান্সে আমি দারুণ গর্বিত।”
“এই চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি পয়েন্ট শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রতিটি গোলও মহামূল্য। গোল পার্থক্য এখানে বড় ব্যাপার হয়ে উঠতে পারে। কাজেই যত বেশি গোল করতে পারব আমরা, ততই ভালো।”
বার্সেলোনার হয়ে এ দিন দুটি গোল করেন ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি। তবে একটি গোল করার পাশাপাশি আরেকটি সহায়তা করে এবং ম্যাচজুড়ে দারুণ খেলে ম্যান অব দা ম্যাচ হয়েছেন রাফিনিয়া।
তার প্রশংসা করার পাশাপাশি গোটা দলের পারফরম্যান্সের কথাও বললেন কোচ হান্সি ফ্লিক। গোল ব্যবধানের প্রয়োজনীয়তা তুলে ধরলেন তিনিও।
“রাফিনিয়ার পারফরম্যান্সে আমি দারুণ খুশি। খুব ভালো খেলেছে সে। তবে স্রেফ একজনকে নিয়ে বলতে পারি না আমরা। দল হিসেবে খেলতে পারাই সবচেয় গুরুত্বপূর্ণ। রাফিনিয়া ভালো খেলতে পারবে তখনই, যদি তার সতীর্থরাও ভালো খেলে।”
“আজকে গোটা দল ভালো খেলেছে। কেউ জানে না, এবারের নতুন চ্যাম্পিয়ন্স লিগে সামনে কীভাবে কী হবে। কাজেই গোল পার্থক্য বেশি রাখতে পারা সবসময়ই খুব ভালো।”
জয়ের পাশাপাশি বার্সেলোনার জন্য আরেকটি স্বস্তির ব্যাপার, পাঁচ মাস পর চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ফ্রেংকি ডি ইয়ং। লামিনে ইয়ামালের জায়গায় ৭৫তম মিনিটে মাঠে নামেন এই ডাচ মিডফিল্ডার।
