উয়েফার দারুণ এক সম্মাননা পাচ্ছেন রোনালদো
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার জন্য পর্তুগিজ তারকাকে পুরস্কৃত করবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা।
সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে আরেকটি স্বীকৃতি পেতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার জন্য পর্তুগিজ তারকাকে পুরস্কৃত করবে উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ; আগামী বৃহস্পতিবার মোনাকোতে হবে এর প্রথম পর্বের ড্র। সেখানেই সম্মানিত করা হবে রোনালদোকে।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে খেলেছেন রোনালদো। সব মিলিয়ে এই টুর্নামেন্টে ১৮৩ ম্যাচে ১৪০ গোল করেছেন তিনি। বর্তমানে ইউরোপে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে তার ধারেকাছেও নেই কেউ। ১২৯ গোল করে দ্বিতীয় স্থানে আছেন মেজর সকার লিগে পাড়ি জমানো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলারদের জন্য রোনালদো কঠিন একটি চ্যালেঞ্জ রেখে গেছেন বলে মনে করছেন উয়েফার প্রধান আলেকসান্দের চেফেরিন।
“উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের উজ্জ্বল নক্ষত্রগুলোর একজন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিযোগিতায় তার অসাধারণ গোল সংখ্যা… ভবিষ্যত প্রজন্মের জন্য যা খুব কঠিন এক চ্যালেঞ্জ তৈরি করেছে।”
২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে বাছাই পর্বের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হয় রোনালদোর। পরের বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথমবার খেলতে নামেন মূল টুর্নামেন্টে।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল পেতে চার বছর অপেক্ষা করতে হয় রোনালদোর। ইউরোপ সেরা প্রতিযোগিতায় প্রথমবার জালের দেখা পান তিনি ২০০৭ সালে, রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে।
পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন রোনালদো। প্রথমবার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে। পরের চারটি জিতেছেন তিনি স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের জার্সিতে; ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে।
প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সাল থেকে) ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রোনালদোর, ৪টি। এর পূর্ব সংস্করণ ইউরোপিয়ান কাপের ফাইনালে সাতটি করে গোল আছে রেয়াল কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো ও ফেরেঙ্ক পুসকাসের।
চ্যাম্পিয়ন্স লিগের সাত আসরে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েন রোনালদো। এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও তার, ২০১৩-১৪ মৌসুমে।
