২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের দাবির মুখে অনড় সালাউদ্দিন দিলেন ফের নির্বাচনের ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত‍্যাগের দাবি তুলেছেন একদল সমর্থক; সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন আবারও নির্বাচন করার।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 07:13 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

ক্ষমতার পালাবদলের উত্তাপের আঁচ পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ নামের একটি সমর্থক দল বাফুফে ভবনের সামনে এসে মানববন্ধন করে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছেন। সাবেক এই তারকা ফুটবলারও দাবির মুখে ঘোষণা দিয়েছেন, আবারও নির্বাচন করবেন তিনি। বাস্তবতা হচ্ছে, এই সংস্থাটি সায়ত্ত্বশাসিত; চাইলেই এখানে যখন-তখন নির্বাচন সম্ভব নয়, বাফুফের মূল নিয়ন্ত্রণ বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার হাতে।

সমর্থকদের দাবি, সালাউদ্দিনের ঘোষণা, ফিফার নিয়ম এবং ২০০২ সালে নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া এবং নিষিদ্ধ হওয়ার সেই তিক্ত অতীত নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কথা বলেছে সংশিষ্টদের সাথে। বিরাজমান পরিস্থিতিতে বিষয়গুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য।

‘জিতি বা হারি, নির্বাচন করব’ 

গত ৫ অগাস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের কয়েকদিন পর ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ নামের একটি সমর্থকগোষ্ঠী অবস্থান নেয় বাফুফে ভবনের সামনে। পোস্টার-প্ল্যাকার্ডে সভাপতি সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে তারা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন সাবেক কয়েকজন ফুটবলার, বর্তমান সংগঠকদের কেউ কেউ। 

২০০৮ সালে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো নির্বাচনেই হারেননি সালাউদ্দিন। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থায় খুব একটা ফেডারেশনের না এলেও তিনি দায়িত্ব চালিয়ে গেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের এই কিংবদন্তি খেলোয়াড়, দায়িত্ব চালিয়ে যেতে চান আগামীতেও। সেই চাওয়া থেকে বললেন, আগামী অক্টোবরের নির্বাচনে অংশ নিবেন তিনি।

“আমি জিতি বা হারি, নির্বাচন করব। নির্বাচনের ফল দেখা যাবে… ফিফার সাথে কথা বলেছি, তারাও পরিষ্কার করে জানিয়েছে, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। আমার কাজ হচ্ছে বাংলাদেশকে (বাফুফেকে) প্রটেকশন দেওয়া, যাতে কোনো কারণে নিষেধাজ্ঞা না আসে। আমি তো স্বাধীনতা যুদ্ধ করেছি, আমার দায়িত্ব কোনোভাবেই যেন বাংলাদেশ নিষিদ্ধ না হয়। আমাকে রাখেন বা না রাখেন, নির্বাচনে তা নির্ধারিত হবে।”

বাফুফের নির্বাচন প্রক্রিয়া কেমন?

বাংলাদেশের সরকারের অধীন হলেও বাফুফের মূল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সহজ কথায়, হুট-হাট নির্বাচন আয়োজনের সুযোগ নেই ফিফা নিয়ন্ত্রিত সংস্থায়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে নেমে আসে নিষেধাজ্ঞা, বন্ধ হয়ে যায় ফিফার আর্থিক অনুদান। গত বছর শ্রীলঙ্কায় ক্ষমতার পালাবদলে দেশটির ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে পরিবর্তন এসেছিল; তাতে ফিফার নিষেধাজ্ঞাও জুটেছিল শ্রীলঙ্কার।  

এই তেতো অভিজ্ঞতা ২০০২ সালে হয়েছিল বাংলাদেশেরও। সে সময়কার নতুন সরকার নিয়ম ভেঙে মেয়র মোহাম্মদ হানিফ-হারুন অর রশীদের কমিটি ভেঙে দিয়েছিল। অ্যাডহক কমিটি করা হয়েছিল এস এ সুলতান-আনোয়ারুল হক হেলালকে দায়িত্ব দিয়ে। এরপরই নেমে আসে ফিফার নিষেধাজ্ঞার খড়গ। ফিফার নির্দেশনা অনুযায়ী পরে নির্বাচন হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ দীর্ঘায়িত হয়নি। জানুয়ারিতে আরোপিত নিষেধাজ্ঞা উঠে যায় ফেব্রুয়ারিতে। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন হেলাল।

বর্তমানে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) সাধারণ সম্পাদকের পদে আছেন হেলাল। এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) ও ফিফার ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত। প্রায় দুই যুগ আগের সেই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, নিয়মের বাইরে গেলেই বিপত্তি।

“ফিফার যে বেসিক নিয়ম… কেউ যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করে, সেটা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ফিফা যদি জানতে পারে, এখানে বল প্রয়োগ করা হয়েছে, তাদের তদন্তে যদি অন্য কোনো পক্ষের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে, তাহলে তারা ব্যবস্থা নেবে। এখন কেউ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বলল, আমি থাকব না...কিন্তু বলপ্রয়োগ করলে একটা রিপার্কেশন আসে। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ কোনো অবস্থাতেই চলবে না।”

“ওই সময় (২০০২ সালে) যারা দায়িত্বে ছিল, তাদেরকে সেসময় ক্ষমতায় আসারা ফোর্স করেছিল, তখন নিষিদ্ধ হয়েছিল। ওই সময় আমি দেশের বাইরে, যুক্তরাষ্ট্রে ছিলাম, কিন্তু আমাকে রেখেই তারা কমিটি করে দিয়েছিল। অ্যাডহক কমিটির মতো, কিন্তু আমি আসার আগেই ওই কমিটি ভেঙে দিতে হয়েছিল। আমি দেশে ফেরার পর আমাকে, হারুন সাহেবকে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) ডাকল, ওখানে সব বিষয়ে আলোচনার পর ওরা বলল, ফ্রেশ নির্বাচন দিয়ে দাও। নির্বাচন হলো। আমিও দাঁড়ালাম, অন্য পক্ষ থেকেও দাঁড়াল, নির্বাচিত হয়ে আমি সাধারণ সম্পাদক হলাম। এস এ সুলতান সভাপতি হলেন। ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কিন্তু হারুন সাহেবই দিয়েছিলেন।” 

কদিন আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেন সালাম মুর্শেদী। পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেন ‘ব্যাক্তিগত’। ফলে, বিষয়গুলো জটিল হয়েছে আরও। হেলালও মনে করিয়ে দিলেন, নিয়মতান্ত্রিক বাস্তবতা।

“আমি যতদূর জানি, যদি এক্সট্রা অর্ডিনারি কংগ্রেস না করা হয়, তাহলে সভাপতি পদত্যাগ করলে সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব নিবেন। এক্সট্রা অর্ডিনারি কংগ্রেস যদি অ্যাপ্রুভ করে, তখন শুধু সভাপতির পদে নির্বাচন হবে। পুরো কমিটির নির্বাচন হবে না। দেখুন, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন না হলে ফিফা নিষেধাজ্ঞা দিবে, ফান্ড বন্ধ করে দিবে, তাতে ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।”

‘ক্ষতি চাই না’ 

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। সেই ১৯৯৬ সালে নিজেদের সর্বোচ্চ ১১০তম স্থানে ছিল বাংলাদেশ। সালাউদ্দিনের বাফুফে সভাপতি পদে আসা বছরে (২০০৮ সাল) র‌্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৮০তম। মাঝের সময়ে এক-দুবার ১৫০ বা এর একটু নিচে এসেছে, কিন্তু ঘুরে-ফিরে এই সূচক নেমেছে কেবল তলানির দিকে। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে ভুটানের কাছে হারের পর লম্বা সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল বাংলাদেশ, তাতে ২০১৭ সালে নেমে আসে র‌্যাঙ্কিংয়ে ১৯৭তম স্থানে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন।

সালাউদ্দিনের জামানাতেই সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। গত আসরে সেমি-ফাইনালে উঠে সে গেরো ছোটে। তবে সাফল্য এসেছে মেয়েদের ফুটবলে। ২০২২ সালে মেয়েরা এনে দিয়েছিল প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে তর্ক-বিতর্ক যায়-ই থাকুক বর্ষীয়ান সাংবাদিক দুলাল মাহমুদ মনে করেন, ২৬ অক্টোবরের নির্বাচনেই সবকিছু নির্ধারিত হওয়া দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক।

“ফিফার বেসিক নিয়ম নির্বাচিত কমিটি মেয়াদ পূরণ করবে। কেউ যদি সেচ্ছ্বায় সরে যায়, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে, অক্টোবরে নির্বাচন, তো আপনারা তাদেরকে ১৫-১৬ বছর সময় দিলেন, এই দুই-আড়াই মাসে খুব বেশি কিছু হবে না। আমার মনে হয়, যদি তাদের সরানোর এত বাধ্যবাদকতা না থাকে, তাহলে তাদের এটুকু সময় দেওয়া যেতেই পারে। কেননা, ফিফার নিষেধাজ্ঞা এলে দেশের জন্য বড় ক্ষতি হবে।”