২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফান্তিনোর বিশ্বকাপ পরিকল্পনা বাতিল করা ‘অপরিহার্য’ ছিল, বললেন ভেঙ্গার

তিনি নিজে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ভেঙ্গার।

ইনফান্তিনোর বিশ্বকাপ পরিকল্পনা বাতিল করা ‘অপরিহার্য’ ছিল, বললেন ভেঙ্গার
আর্সেন ভেঙ্গার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 07:40 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বিশ্বকাপের অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সরে আসার সিদ্ধান্তটি ‘একেবারে অপরিহার্য’ ছিল বলে মনে করেন আর্সেন ভেঙ্গার। তিনি নিজে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান ও আর্সেনালের সাবেক এই কোচ।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু এই প্রস্তাবটি ঘোষণার পর থেকে বিভিন্ন অংশীদারের তীব্র বিরোধিতার মুখে চার দিনের মাথায় পিছু হঠতে বাধ্য হন তিনি।

ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা প্রথম প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার ফিফার মাধ্যমে এক বিবৃতিতে ভেঙ্গার স্পষ্ট করে দেন যে, তিনি এই পরিকল্পনার বিরোধী ছিলেন। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কাছে ‘স্বচ্ছতা ও সততা’ দাবি করেন এই ফরাসি কোচ।

“ফিফার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আমার পক্ষ থেকে কিছু বিষয় পরিষ্কার করা দরকার। ফিফায় আমি গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান। আমার দলের সঙ্গে মিলে আমি খেলার ডেটা বিশ্লেষণ, ফিফা অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র, সবচেয়ে প্রয়োজনীয় ৬০টি দেশে ৬০টি একাডেমির মাধ্যমে যুব শিক্ষার উন্নয়ন এবং বিশ্বজুড়ে যুব প্রতিযোগিতাগুলো তদারকি করি। এছাড়া আমি আইএফএবি-এর একজন কারিগরি উপদেষ্টা।

এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে আমি যুক্ত ছিলাম না এবং গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে প্রথম এই প্রকল্পটি সম্পর্কে জানতে পারি। প্রকল্পটি প্রত্যাহার করার সিদ্ধান্তটি ছিল একেবারেই অপরিহার্য এবং এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিফা একটি স্বাধীন সংস্থা হিসেবে একনিষ্ঠতা, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলকে সেবা দিয়ে যাবে।”

৭৬ বছর বয়সী ভেঙ্গারের এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন বেশ কয়েকটি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে গত শনিবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা এক বিবৃতিতে ফিফার পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইনফান্তিনোর ওপর তাদের ‘আস্থা হারানোর’ কথাও জানায়।

তাই পরিকল্পনাটি বাতিল করার পরও তীব্র সমালোচনা আর বিরোধিতার মুখে আছেন ইনফান্তিনো। তার ভবিষ্যৎও এখন অনিশ্চয়তার মুখে।