২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানের বিপক্ষে লড়াইয়ের আগে লেভানদোভস্কিকে ফিরে পেল বার্সেলোনা

পোলিশ তারকা চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও তিনি শুরুর একাদশে ধাকবেন কি-না, সেটা নিশ্চিত নয়।

ইন্টার মিলানের বিপক্ষে লড়াইয়ের আগে লেভানদোভস্কিকে ফিরে পেল বার্সেলোনা
লা লিগায় পিচিচি ট্রফি জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছেন রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠার শেষ চেষ্টায় মাঠে নামার আগে অনেক বড় সুখবর পেয়েছে বার্সেলোনা। দলের সেরা স্ট্রাইকার ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবের্ত লেভানদোভস্কি চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন।

ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে সেমি-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ইন্টার মিলানের মাঠে খেলবে বার্সেলোনা। ম্যাচটির জন্য আগের দিন পোলিশ তারকাকে নিয়ে দল ঘোষণা করেছেন কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।

গত ১৯ এপ্রিল লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে রোমাঞ্চকর জয়ের ম্যাচে পায়ে চোট পান লেভানদোভস্কি। ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, তার ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। তবে ধারণার আগেই খেলতে প্রস্তুত পোলিশ তারকা।

এবারের লা লিগায় সর্বোচ্চ ২৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন লেভানদোভস্কি। এর মধ্যে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। 

ইউরোপ সেরার মঞ্চে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি লেভানদোভস্কি। গত সপ্তাহে ঘরের মাঠে শুরুর দিকেই দুই গোলে পিছিয়ে পড়ার পর এবং পরে আরেকবার পিছিয়ে পড়া বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে। 

তবে এবারের লড়াই প্রতিপক্ষের মাঠে হওয়ায় সবকিছুই কঠিন হবে বার্সেলোনার জন্য। সান সিরোয় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।