২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াইয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকলেও সতর্ক লিভারপুল কোচ

লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছেন না আর্না স্লট।

শিরোপা লড়াইয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকলেও সতর্ক লিভারপুল কোচ
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 05:11 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এখন ১১ পয়েন্টে এগিয়ে তারা। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না আর্না স্লট। সামনের সময়ে আরও সতর্ক থাকতে চান অ্যানফিল্ডের দলটির কোচ।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার মোহামেদ সালাহ ও দোমেনিক সোবোসলাইয়ের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় এক ধাপ এগিয়ে গেছে তারা।

২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট আর্সেনালের। মিকেল আর্তেতার দলের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও মাটিতেই পা রাখছেন স্লট।

“এই লিগ ছাড়া, অন্য সব লিগে এমন (১১ পয়েন্টে) এগিয়ে থাকা স্বস্তিদায়ক।”

আর্সেনাল তাদের সবশেষ লিগ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। এর আগে গত সপ্তাহে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় লিভারপুলের। সেই প্রসঙ্গ টেনে স্লট বলেন, সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের।

“আমরা ভালো অবস্থানে আছি। কিন্তু আমরা এটাও জানি যে, উলভসের বিপক্ষে খেলা কতটা কঠিন।”

আগামী বুধবার ঘরের মাঠে লিগে টেবিলে পঞ্চম স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এবারের লিগে প্রথম দেখায় এই দলের মাঠে ৩-৩ ড্র করেছিল তারা। তাই আসছে ম্যাচটিতেও কঠিন লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্লট। 

“আমরা এখন নিউক্যাসলের বিপক্ষে খেলব, আমরা তাদের মাঠে ৩-৩ ড্র করেছিলাম। আমার মতে, সেটাও ভালো ফল ছিল...তবে তাদের বিপক্ষে খেলা কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও হয়েছিল আমাদের।”