রেকর্ডময় রাতে কেইনের যত কীর্তি
বায়ার্ন মিউনিখের জার্সিতে ম্যাচের ফিফটি ছোঁয়ার রাতে কিছু প্রথমের জন্ম দিলেন ইংলিশ তারকা।
“হ্যাটট্রিকের পর আমি সব বল রেখে দেই। ছেলেরা হয়তো এগুলোয় সই করতে গিয়ে হাঁপিয়ে ওঠে, কিন্তু আমি চাই, এগুলো আরও আসতে থাকুক।”-বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে আরও একটি রেকর্ডময় রাত উপহার দিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন হ্যারি কেইন।
৩৬ দলের অংশগ্রহণে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়িয়েছে মঙ্গলবার। অভিযানের শুরুতেই অবিশ্বাস্য পারফরম্যান্সে নিজেদের মেলে ধরেছে বায়ার্ন; ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবকে ৯-২ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে তারা।
জার্মান ক্লাবটির হয়ে শুরু থেকেই গোলের পর গোল করে দারুণ সব রেকর্ড গড়ে চলেছেন কেইন। এবার এক ম্যাচেই চার গোল করে গড়লেন আরও কিছু কীর্তি। পরিসংখ্যানের পাতায় নতুন ছাপ ফেলেছে তার দলও।
• দিনামোর জালে দ্বিতীয় গোলটি করেই ইংলিশ ফুটবলারদের মধ্যে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন কেইন। এই প্রতিযোগিতায় এখন তার মোট গোল ৩৩টি, ৪৫ ম্যাচে।
৩০ গোল নিয়ে এতদিন রেকর্ডটি ছিল সাবেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির।
• চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৪ গোল করলেন কেইন।
• চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে দেশের বাইরের কোনো ক্লাবের হয়ে ম্যাচে হ্যাটট্রিক বা তার বেশি গোল করলেন তিনি।
• চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপে এই প্রথম কেউ কেবল পেনাল্টি থেকেই হ্যাটট্রিক করলেন।
• বায়ার্নের হয়ে ৫০তম ম্যাচে এসে ৫০তম, ৫১তম, ৫২তম ও ৫৩তম গোল করলেন কেইন।
• ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ২৪তম হ্যাটট্রিক করলেন কেইন। আর পঞ্চমবারের মতো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি (অথবা ৪ গোল)।
বায়ার্নের হয়ে চলতি মৌসুমে পাঁচ ম্যাচেই ৯ গোল হয়ে গেছে কেইনের, সঙ্গে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুটি করেছেন তিনি।
গত সপ্তাহে বুন্ডেসলিগায় হোলস্টেন কিলের বিপক্ষে হ্যাটট্রিক করা কেইন দিনামোর বিপক্ষে ১৯তম মিনিটে পেনাল্টি থেকেই গোল উৎসবের সূচনা করেন। নিজের বাকি তিনটি গোল করেন তিনি দ্বিতীয়ার্ধে।
নতুন একটি রেকর্ড গড়েছে বায়ার্ন; চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করা প্রথম দল তারাই।
ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে ছুটে চলা বায়ার্নের হয়ে এদিন বাকি গোলদাতাদের মধ্যে দুবার জালে বল পাঠান ওলিসে। আর একটি করে করেন রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা।
