২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধে মারাত্মক চোট পেলেন ‘লিভারপুলের জ্যাকে’

চলতি মৌসুমের শেষে ফরাসি এই ডিফেন্ডারের লিভারপুলে যোগ দেওয়ার কথা।

কাঁধে মারাত্মক চোট পেলেন ‘লিভারপুলের জ্যাকে’
ফরাসি ডিফেন্ডার জেরেমি জ্যাকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

হঠাৎ করেই দুঃসংবাদ পেল লিভারপুল। সামনের গ্রীষ্মে অ্যানফিল্ডের দলটিতে যোগ দেওয়ার কথা জেরেমি জ্যাকের, কিন্তু কাঁধে মারাত্মক চোট পাওয়ায় এই ডিফেন্ডারকে নতুন মৌসুমের শুরুতে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

রক্ষণের শক্তি বাড়াতে ছয় কোটি পাউন্ডে রেন থেকে জ্যাকেকে গত সোমবার দলে টানে লিভারপুল। চুক্তি অনুযায়ী ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার কথা।

জ্যাকে বর্তমান ক্লাব রেনের হয়ে লিগ আঁয় শনিবার খেলতে নামেন। লঁসের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে কাঁধে মারাত্মক চোট পান তিনি।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে অস্বস্তিকরভাবে পড়ে যান জ্যাকে এবং এরপর মাঠ ছাড়েন ব্যথায় কাতর হয়ে। জ্যাকের চোট নিয়ে রেন কোচ হাবিব বেয়ে গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি সুবিধার নয়।

“জেরেমি কাঁধে চোট পেয়েছে। আব্দেলহামিদ (আইত বৌদলাল) চোট পেয়েছে পেশিতে। কী হয়েছে বিষয়টা দেখার জন্য আমাদের হাতে সময় আছে, কিন্তু এটা নিশ্চিত যে, দুজনের চোট বেশ মারাত্মক।”

চলতি মৌসুমের লিগে লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না। ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে আছে শিরোপাধারীরা।