৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সেরি আর মৌসুম সেরা মার্তিনেস

প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:07 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

মৌসুমজুড়ে দারুণ খেলার স্বীকৃতি পেলেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস। ইতালিয়ান সেরি আয় ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

নিজেদের ওয়েবসাইটে শুক্রবার আসর সেরাদের নাম ঘোষণা করে সেরি আ।

প্রথমবারের মতো মৌসুম সেরার স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী মার্তিনেস। এবার ইন্টারের ২০তম লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। ইতালির শীর্ষ লিগে ৩৩ ম্যাচে ২৪ গোল করে সর্বোচ্চ স্কোরার তিনিই, দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের দুসান ভ্লাহোভিচের চেয়ে যা ৮টি বেশি।

মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন ভ্লাহোভিচ। সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডার হয়েছেন যথাক্রমে মার্তিনেসের সতীর্থ হাকান কালহানোগলু ও আলেসান্দ্রো বাস্তোনি। মুনসার মিশেল দি গ্রেগোরিও হয়েছেন সেরা গোলরক্ষক।

আগামী রোববার সেরি আয় নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচ শুরুর আগে মার্তিনেসের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।