ব্রাজিলে আরও ‘৪ বছর থাকছেন’ আনচেলত্তি
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ হিসেবে থেকে যাওয়ার আভাস দিয়েছেন তিনি।
আসছে বিশ্বকাপ ছাড়িয়ে দূরে চোখ রাখছেন কার্লো আনচেলত্তি। আরও চার বছর ব্রাজিলের প্রধান কোচ হিসেবে থেকে যাওয়ার আভাস দিয়েছেন তিনি।
২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করেন আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপে নিয়ে গেছেন তিনি। আপাতত তিনি ব্যস্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসরের জন্য দল গোছানোর কাজে।
হোর্হে ভালদানোর শো ইউনিভের্সো ভালদানোর পরবর্তী পর্বে দেখা যাবে তাকে। এর টিজার থেকে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস লিখেছে, ব্রাজিলে বাড়ছে আনচেলত্তির মেয়াদ।
অভিজ্ঞ ইতালিয়ান কোচ, বিশ্বকাপ, রেয়াল মাদ্রিদ, আর্জেন্টিনাসহ নানা বিষেয়ে কথা বলেছেন ভালদানোর সঙ্গে। এর মধ্যেই বলেছেন নিজের ভবিষ্যৎ ভাবনা।
“আমার মনে হয়, আমি চার বছরের জন্য চুক্তি নবায়ন করব। এটা নতুন কাজ, এটা আমার পছন্দের।”
রেয়াল মাদ্রিদের মতো ব্রাজিলেরও আক্রমণে গুরুত্বপূর্ণ ভিনিসিউস জুনিয়র। প্রতিপক্ষের মাঠে বারবার বর্ণবাদী আচরণের শিকার হন এই তরুণ ফরোয়ার্ড। বরাবরের মতোই তার পাশে দাঁড়িয়েছেন আনচেলত্তি।
“তার সঙ্গে আমি কথা বলেছি। একজন খেলোয়াড়ের তার কোচ ও সতীর্থদের সম্মান জানাতে হবে। মাঠে নিজের আচরণের অনেক উন্নতি করেছে সে।”
“ব্রাজিলিয়ানরা একেবারেই আলাদা, তারা খুব বিনয়ী। ব্যক্তিগত দিক থেকে রেয়াল মাদ্রিদের ভিনি থেকে ব্রাজিলের ভিনি সম্পূর্ণ ভিন্ন।”
