হলান্ডের গোলে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
লিগ টেবিলে এক লাফে চার ধাপ এগিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
পারফরম্যান্সে সেভাবে দ্যুতি ছড়াতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে আর্লিং হলান্ডের দারুণ এক গোলে জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সিটি।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার মোনাকোর বিপক্ষে হলান্ডের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েও, শেষ দিকে গোল হজম করে পয়েন্ট হারায় সিটি। ব্যবধান ন্যুনতম হওয়ায় এখানেও তেমন শঙ্কা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তবে এবার আর ভুল করেনি তারা।
সাত মাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে সিটি।
সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথ।
নবম মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম সুযোগেই সাফল্য পান হলান্ড।
মাঝমাঠের কাছ থেকে ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের বাধার মুখে দারুণভাবে নিয়ন্ত্রণে রেখে, ডি-বক্সে ডান পায়ের ছোঁয়ায় আরেকজনের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন নরওয়ের তারকা।
লিগে এই নিয়ে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এবারের লিগে ৭ ম্যাচে তার গোল হলো ৯টি, সব মিলিয়ে ৯ ম্যাচে ১২টি।
কিছুক্ষণ পর আবার সিটি শিবিরে রদ্রিকে নিয়ে দুর্ভাবনা ফিরে আসে। পায়ে অস্বস্তি নিয়ে ২২তম মিনিটে মাঠ ছেড়ে যান চোটের কারণে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে কাটানো এই মিডফিল্ডার। হাঁটুর ব্যথায় গত সপ্তাহে বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি, পরে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে খেলেন এক ঘণ্টার মতো।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার খুব ভালো একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি টিজানি রেইডার্স। ডি-বক্সে অরক্ষিত এই ডাচ মিডফিল্ডারের জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক।
প্রথমার্ধে ৯টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারা সিটি বিরতির পর উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেনি। এই অর্ধে তারা নিতে পারে একটিমাত্র লক্ষ্যভ্রষ্ট শট।
প্রতিপক্ষের ছন্দহীনতার সুযোগে ব্রেন্টফোর্ড কিছুটা আক্রমণ বাড়ালেও, দৃশ্যপট পাল্টে দেওয়ার মতো কিছু করতে পারেনি তারাও। আসরে চতুর্থ হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা।
সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি।
