ফের লিগ আঁর সেরা এমবাপে ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত
তবে পিএসজি ছেড়ে কোন দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে এবারও মুখ খুললেন না ফরাসি তারকা।
প্রিয় আঙিনা ছেড়ে চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আগেই দিয়েছেন কিলিয়ান এমবাপে। কোথায় যাচ্ছেন, তা অবশ্য জানাননি তিনি। তবে দীর্ঘদিনের গুঞ্জন আর সংবাদমাধ্যমের নানা খবরে বিষয়টা অনেকের কাছেই বেশ পরিষ্কার। আরও একবার লিগ আঁর সেরা খেলোয়াড় হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চের কথা বললেন তিনি; কিন্তু দলের নামটা মনেই রেখে দিলেন ফরাসি তারকা।
গত সপ্তাহে এমবাপে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমে শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। সবার জোর ধারণা, শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।
ফ্রান্সের শীর্ষ লিগে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কিলিয়ান এমবাপের তেমন বড় কোনো প্রতিদ্বন্দ্বী আগেও ছিল না, মিলল না এবারও। প্যারিসে সোমবার রাতে এক অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমেও লিগ আঁর সেরা খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী এই তারকার নাম ঘোষণা করা হয়।
টানা পঞ্চমবারের মতো পুরস্কারটি জিতে পিএসজির জার্সিতে কাটানো সময় নিয়ে ভালোলাগার কথা বলেন এমবাপে। শোনান ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চের কথা।
“আমার জীবনের এই অধ্যায় শেষ হতে যাচ্ছে। আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল লিগ আঁ।”
“এখন আমি জীবনের নতুন এক পর্ব শুরু করতে যাচ্ছি। সামনে যা আসছে, তা দারুণ রোমাঞ্চকর, কিন্তু সেটা অন্য ব্যাপার… আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা ভালো-খারাপ সময়ে আমার পাশে ছিল। আমি জানি, এখান থেকে চলে যাওয়ার আগে লিগ আঁয়ে আমি যে ইতিহাস গড়েছি, তা আমার বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনয়ের সঙ্গেই আমি মনে করি, সেটা আমি করতে পেরেছি।”
লিগ আঁয়ে প্রায় এক দশক সময় পার করে ফেলেছেন এমবাপে; প্রথমে মোনাকোর হয়ে এবং ২০১৭ সাল থেকে পিএসজির জার্সিতে। আর দীর্ঘ এই সময়ের অনেকটা জুড়েই তার রেয়ালে যাওয়ার গুঞ্জন ছিল। ২০২২ সালে তো সবকিছু প্রায় ঠিকই হয়ে গিয়েছিল; কিন্তু একেবারে শেষ মুহূর্তে মন বদলে প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পিএসজি অবশ্য এবারও তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সবশেষ চুক্তিতে দুই বছর কাটানোর পর এবার চলে যাওয়ার সিদ্ধান্ত আগেই পাকা করে ফেলেন এমবাপে। বললেন, নতুন চ্যালেঞ্জ নেওয়ার এটাই সঠিক সময়।
“আমার মনে হয়, জীবনে সবকিছুর জন্যই সঠিক সময় নির্বাচন করতে হয়। এখন কেবল জানি, আমি পিএসজি ছেড়ে যাচ্ছি। বাকি সব বিষয় জানার এটা সঠিক সময় নয়।”
এদিকে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস সোমবার জোর দিয়ে বলেছেন, খুব শিগগিরই রেয়ালে যোগ দিতে যাচ্ছেন এমবাপে। চুক্তিটা হবে পাঁচ বছরের।
“আগামী মৌসুমে সে মাদ্রিদে খেলবে। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে তাদের দলে ভিনিসিউস (জুনিয়র) ও (জুড) বেলিংহ্যাম রয়েছে। মাদ্রিদ দারুণ একটি স্কোয়াড পেতে যাচ্ছে, অবশ্য এর মানে এই নয় যে তারা অবশ্যই চ্যাম্পিয়নশিপ (লা লিগা) জিতবে।”
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রেয়াল, এর পাঁচটি তারা জিতেছে ২০১৪ সাল থেকে। আগামী ১ জুন ১৫তম শিরোপার লক্ষ্যে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে দলটি।
পিএসজির হয়ে কখনও ইউরোপ সেরার ট্রফি জিততে পারেননি এমবাপে। রেয়ালের হয়ে আগামী পাঁচ মৌসুমে তার সেই অপূর্ণতা দূর হওয়ার ভালো সম্ভাবনা দেখেন তেবাস।
