১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বিশাল হৃদয়ের’ মেসির মূল্য বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ

“মানুষ হিসেবে তার মূল্য বোঝানোর মতো কোনো তকমা আমি খুঁজে পাই না”, বলছেন ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো ওশো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 04:40 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে নিয়ে কত ব্যাখ্যা-বিশ্লেষণ, কত কিছুই তো হয় নিত্য। কিন্তু মানুষ মেসিকে ফুটিয়ে তোলার উপযুক্ত কোনো শব্দ বা তকমা জানা নেই গিয়ের্মো ওশোর। তবে বাবা হারানোর বেদনাময় সময়ে এই মহাতারকার ‘প্রাইভেসিকে’ সম্মান জানানোর অনুরোধ করলেন ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ।

গত ৮ অগাস্ট আর্জেন্টিনার রসারিও শহরের হাসপাতালে মারা যান হোর্হে মেসি। ছেলের ফুটবলার হয়ে ওঠার পেছনে তার অবদান রূপকথার মতো। ছেলের জীবনে মিশে থাছেন তিনি স্রেফ একজন বাবার চেয়েও অনেক বেশি কিছু হয়ে। 

সেই বাবার মৃত্যুর চার দিনই পরই ক্লাবের হয়ে মাঠে নেমে মেসি চমকে দিয়েছেন অনেককেই। তার পেশাদারিত্ব আর নিবেদনের প্রশংসা এখন চারপাশে। মানুষ হিসেবে তাকে তুলে ধরার চেষ্টায় যেমন উপযুক্ত ভাষা খুঁজে হয়রান ইন্টার মায়ামি কোচ। 

“ভাষায় বোঝাতে পারব না। ব্যক্তি হিসেবে তার মূল্য বোঝানোর মতো কোনো তকমা আমি খুঁজে পাই না। আমরা এখানে ফুটবলার হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের অধিকারী একজন চমৎকার মানুষ হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি। কখনও কখনও, স্রেফ কিছু শব্দই যথেষ্ট নয়।”

তবে এত স্তুতি, এমন তোলপাড়ের মধ্যেও সবচেয়ে জরুরি ব্যাপারটি মনে করিয়ে ওশো। তার মতে, তীব্র শোকের এই সময়ে মেসি ফুটবলে ফিরে এলেও তার ব্যক্তিগত গোপনীয়তা অনুধাবন করতে হবে সবাইকে। 

“আমার মনে হয় সবকিছু ধীরে ধীরে হওয়া দরকার, কারণ এটির সঙ্গে মিশে আছে গভীর বেদনা, যা রাতারাতি মুছে যাবে না। তাই আমি বিশ্বাস করি, নীরবতাই সর্বোত্তম পন্থা—নিস্তব্ধতা, প্রশান্তি এবং শান্তি, যা তাকে তার নিজের মুহূর্তগুলো খুঁজে নিতে সাহায্য করবে।

তার পাশে দাঁড়াতে হবে আমাদের, সেই নীরবতায় অংশীদার হতে হবে; আমার কাছে নীরবতা গুরুত্বপূর্ণ, যা একজনকে অবশেষে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই একজন চমৎকার মানুষ, এবং তার একটি চমৎকার পরিবার আছে।”

বাবার মৃত্যুর খবর পেয়ে গত শনিবার রসারিওতে যান মেসি। বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিনি সেখানে একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন। পরে বুধবারই মায়ামি ফিরে যান এবং লিগস কাপের ম্যাচের মেক্সিকোর ক্লাব লেওনের বিপক্ষে মাঠে নামেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামার সময় গোটা মাঠের দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। 

মায়ামির পরের ম্যাচ শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে। সেই ম্যাচে হয়তো শুরু থেকেই খেলবেন মেসি। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। 

কঠিন এই সময়ে মেসির সঙ্গে কথোপকথন ও যোগাযোগ কীভাবে হবে, সেই প্রশ্নে আবারও নীরবতার গুরুত্বের ওপর জোর দিলেন কোচ। 

“কিছু বিষয় একান্তই ব্যক্তিগত। ঠিক যেমন আপনাদের প্রত্যেকেরই নিজস্ব ব্যক্তিগত বিষয় আছে। আমি যদি এসে আপনাদের একের পর এক প্রশ্ন করি, আপনারা হয়তো বলবেন, 'এটা ব্যক্তিগত।'

“এ কারণেই আমি নীরবতার কথা উল্লেখ করি; এটা এমন একটা বিষয় যেটিকে অনেকেই গুরুত্ব দেয় না। লোকে কথা বলতে এবং মতামত দিতে ভালোবাসে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে, বিষয়টি হলো সেই সীমানাগুলোকে সত্যিকার অর্থে সম্মান করা। এই মুহূর্তে সে (মেসি) বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, যা খুবই স্বাভাবিক, এবং আমরা বিষয়টিকে গভীরভাবে সম্মান করি।”