২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও ডে ব্রুইনেকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা হলান্ড

ম্যানচেস্টার সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখা নরওয়ের তরুণ ফরোয়ার্ড জিতে নিয়েছেন এই ব্যক্তিগত পুরস্কার।

মেসি ও ডে ব্রুইনেকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা হলান্ড

কেভিন ডে ব্রুইনে ও লিওনেল মেসিকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতে নিয়েছেন আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 11:55 PM

Updated : 31 Aug 2023, 11:55 PM

ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখা আর্লি হলান্ড ও কেভিন ডে ব্রুইনে ছিলেন দাবিদার। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার ট্রফি এনে দেওয়া লিওনেল মেসিও। কিন্তু ডে ব্রুইনে ও মেসিকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতে নিয়েছেন হলান্ড।

মোনাকোয় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরো মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পারফরম্যান্সের বিচারে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে।

সিটির ট্রেবল জয়ের পথে হলান্ডের জন্য মৌসুমটা ছিল স্বপ্নময়৷ গত গ্রীষ্মে সিটিতে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে ঝড় তোলেন এই স্ট্রাইকার। লিগে ৩৭ ম্যাচে জালের দেখা পান ৩৬ বার। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে ৮টি গোলও করান নরওয়ের এই তারকা।

সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথচলায়ও ভালো অবদান ছিল হলান্ডের। ১১ ম্যাচে গোল করেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩৫ গোল এখন এই ২৩ বছর বয়সীর। এত সাফল্যের সিঁড়ি বেয়ে বেশ কয়কটি পুরস্কার জেতার পর এবার উয়েফার বর্ষসেরার খেতাবও জিতে নিলেন তিনি।

Image

ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতিয়ে উয়েফা বর্ষসেরা কোচের খেতাব জিতে নিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

গত মৌসুমটা জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ সাফল্যমণ্ডিত ছিল মেসির। সবচেয়ে উল্লেখযোগ্য কাতার বিশ্বকাপ জয়। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোলসহ করেন মোট ৭ গোল। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব ‘গোল্ডেন বল।’

গত মার্চে তৃতীয় খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। পিএসজির জার্সিতে জিতেন লিগ ওয়ানের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে মেসি ৭ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান চারটি। কিন্তু হলান্ডকে পেছনে ফেলতে পারলেন না তিনি। ফলে ক্রিস্তিয়ানো রোনালদোর সর্বোচ্চ তিনবার উয়েফা সেরার মুকুট জয়ের কীর্তি স্পর্শ করা হলো না তার।

ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পাল্লেত্তিকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা কোচের খেতাব জিতে নিয়েছেন পেপ গুয়ার্দিওলা।

গুয়ার্দিওলার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিল তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। অনুমিতভাবেই ইনজাগি ও স্পাল্লেত্তির চেয়ে এগিয়ে ছিলেন গুয়ার্দিওলা।