২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগ, তদন্ত করছে সান্তোস

সান্তোস অধিনায়কের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন রবিনিয়ো জুনিয়র।

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগ, তদন্ত করছে সান্তোস
সান্তোসের জার্সিতে নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 09:11 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ফোন করে, বার্তা পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু তাতে কাজ হয়নি, তার বিরুদ্ধে শারীরিক আঘাতসহ তিনটি অভিযোগ এনেছেন রবিনিয়ো জুনিয়র। এরই মধ‍্যে ঘটনার তদন্ত শুরু করেছে তাদের ক্লাব সান্তোস। 

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, গত রোববার অনুশীলনের সময় ১৮ বছর বয়সী রবিনিয়ো জুনিয়র পায়ের কারিকুরিতে নেইমারকে কাটান। এটাকে অসম্মাজনক ধরে নিয়ে তরুণ সতীর্থের উপর চড়াও হন নেইমার। 

পর্তুগিজ ভাষায় একটি বিবৃতিতে এরই মধ‍্যে তদন্ত শুরুর কথা বলেছে সান্তোস। 

“সান্তোস ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে ক্লাবের আরেকজন খেলোয়াড়কে শারীরিক আঘাতের অভিযোগের ব‍্যাপারে সান্তোস ফুটবল ক্লাব সজাগ।”   

সূত্রের কথা অনুযায়ী, ওই ঘটনার পর উত্তপ্ত তর্কে জড়ানো দুই খেলোয়াড়কে টেনে আলাদা করেন সতীর্থরা। এই বিষয়ে নেইমারের মন্তব‍্যের জন‍্য যোগাযোগ করে ইএসপিএন। তবে ব্রাজিলিয়ান তারকার পক্ষ থেকে বলা হয়, সান্তোস অধিনায়ক এই বিষয়ে কোনো মন্তব‍্য করবেন না। 

গ্লোবোএস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, রেয়াল মাদ্রিদ ও ম‍্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড রবিনিয়োর ছেলে তিনটি অভিযোগ এনেছেন নেইমারের বিরুদ্ধে। এর একটি মুখে সহিংস চড় এবং অন‍্য দুটি হলো- আক্রমণাত্মক অপমান ও হোঁচট খাওয়ানো। 

সূত্রের দাবি, ওই ঘটনায় খুব বিপর্যস্ত হয়ে পড়েছেন রবিনিয়ো। ক্লাবে ‘ন‍্যূনতম নিরাপত্তা না থাকায়’ চুক্তি বাতিলের আলোচনা করতে সান্তোসের সঙ্গে বসার দাবি জানিয়েছেন তিনি। 

ব্রাজিল জাতীয় দলে রবিনিয়োর সঙ্গে দীর্ঘ দিন খেলেছেন নেইমার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে তিনি নাকি রবিনিয়ো জুনিয়রকে ফোন করেন এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠান। 

গত গ্রীষ্মে মূল দলে প্রমোশন পান রবিনিয়ো জুনিয়র। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার আট ম‍্যাচ খেলেছেন তিনি। গত শনিবার পালমেইরাসের বিপক্ষে তিনি বা নেইমারের কেউই খেলেননি। আগামী মঙ্গলবার কোপা সুদামেরিকানায় গ্রুপ পর্বের ম‍্যাচে প‍্যারাগুয়ের দেপোর্তিভো রেকুলেতার মুখোমুখি হবে সান্তোস।