২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পেনাল্টি মিস নিয়ে উদ্বিগ্ন নন আর্জেন্টিনা কোচ

আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের পারফরম্যান্সে খুশি লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

চোট কাটিয়ে ফেরার ম্যাচে নিজেকে একদমই মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। মূল ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সের পর টাইব্রেকারেও গোল করতে হন ব্যর্থ আর্জেন্টিনা অধিনায়ক। এতে অবশ্য চিন্তার কিছু দেখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের মতে, সবমিলিয়ে ভালো একটি ম্যাচ কাটিয়েছেন মেসি। 

পায়ের চোটের কারণে কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলতে পারেননি মেসি। একুয়েডরের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তার খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। পরে আশঙ্কার কালো মেঘ উড়িয়ে শুক্রবারের ম্যাচটি খেলেন তিনি।

পুরো ম্যাচ খেললেও মাঠে নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। সতীর্থদের তেমন সুযোগ তৈরি করে দিতে পারেননি তিনি। নিজেও পারেননি সুযোগ কাজে লাগাতে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটেও দলকে হতাশ করেন তিনি।

টাইব্রেকারে প্রথম শট নেন মেসি। তার পানেনকা শটে ঠিকই ধোঁকা খান একুয়েডর গোলরক্ষক। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী মহাতারকা। বল ক্রসবারে লেগে চলে যায় ওপর দিয়ে। শুরুতে পিছিয়ে পড়লেও এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে অবশ্য শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়, চোটের প্রভাব পড়েছে কিনা মেসির পারফরম্যান্সে। তিনি সরাসরি তা নাকোচ করে দিয়ে, আটবারের ব্যালন দ’র জয়ীর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথাও বলেন।

“সে (মেসি) দলের বাকিদের মতোই খেলেছে, আমরা একটা দল। এটা দলীয় খেলা, দল যদি ভালো খেলে থাকে, সেও ভালো খেলেছে। আমরা কখনোই দলগত পারফরম্যান্স থেকে কোনো একজনকে আলাদা করিনি।”

“লিও ভালো একটি ম্যাচই খেলেছে। তারা ম্যাচে পরিকল্পনা করেছিল, যখন আমাদের কাছে বল থাকবে দুজন ডিফেন্ডার আক্রমণ করবে…সে ভালোভাবে ম্যাচটি শেষ করেছে। ম্যাচের পাঁচ কিংবা ছয় মিনিট বাকি থাকতে যখন তাকে শেষবার (খেলার বিষয়ে) জিজ্ঞাস করেছিলাম, সে বলেছিল সে ভালো অনুভব করছে।”

আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে ভেনেজুয়েলা কিংবা কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।