১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সেরেনার চোটে উইম্বলডনের দ্বৈতে খেলা হচ্ছে না উইলিয়ামস বোনদের

হাঁটুর চোটের কারণে দ্বৈতের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।

সেরেনার চোটে উইম্বলডনের দ্বৈতে খেলা হচ্ছে না উইলিয়ামস বোনদের
সেরেনা উইলিয়ামস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 10:33 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

উইম্বলডনের এককে প্রথম রাউন্ডের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতের ম্যাচে খেলা হচ্ছে না সেরেনা উইলিয়ামসের। ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। 

অল ইংল্যান্ড ক্লাবে ছয়বারের দ্বৈত চ্যাম্পিয়ন এই আমেরিকান জুটির শনিবার লড়াইয়ে নামার কথা ছিল। ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোর্টে একসঙ্গে দেখা যেত তাদের। কিন্তু সেটা আর হচ্ছে না। 

গত মঙ্গলবার এককের ম্যাচ দিয়ে চার বছর পর গ্র্যান্ড স্ল্যামে ফেরেন সেরেনা। অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের বিপক্ষে হারের পথে চোট পান তিনি। ম্যাচটির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ৪৪ বছর বয়সী এই তারকা।

দ্বৈত থেকে সরে দাঁড়ানোর কথা শনিবার সামাজিক মাধ্যমে জানান সেরেনা। এর সঙ্গে ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুঁড়িয়ে হাঁটার একটি ভিডিও এবং হাঁটু থেকে বড় সিরিঞ্জ দিয়ে তরল বের করে নেওয়ার ছবিও প্রকাশ করেন তিনি।

“দ্বৈত থেকে নাম প্রত্যাহার করতে হওয়ায় আমি মর্মাহত। আবার খেলায় ফিরতে পারাটা আশীর্বাদের মতো এবং ভেনাসের পাশে আরেকবার খেলার সুযোগ পাওয়াটা আমার কাছে ছিল অমূল্য।

“প্রস্তুত হওয়ার জন্য আমার সাধ্যমতো সবকিছুই করেছি আমি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাঁটু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনও প্রস্তুত নয়।”